শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৪ শতাংশ সুদে ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : স্টার্টআপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বা মূলধন বিনিয়োগ কোম্পানি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এই কোম্পানি থেকে নতুন ছোট উদ্যোক্তাদের সহজ শর্তে ও ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। অচিরেই কোম্পানিটি গঠন করে স্টার্টআপ ফান্ডের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। তখন এই কোম্পানিতে বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির বিনিয়োগযোগ্য তহবিলের একটি অংশ উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। কোম্পানি গঠনের বিষয়ে করণীয় সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত একটি সভায় এ নিয়ে আলোচনা হয়।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলে গঠিত ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় স্টার্টআপ উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদানের জন্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এখন পর্যন্ত ১৬টি তফশিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। পরে অন্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোও এ চুক্তির আওতায় আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত স্টার্টআপ ফান্ডের বিষয়ে সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। ওই সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এবং ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। 

বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির পক্ষে স্ব স্ব ব্যবস্থাপনা পরিচালকরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর এসএমই বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন। 

সভায় বলা হয়, বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণে প্রচলিত ব্যবসায়িক খাতের পাশাপাশি স্টার্টআপ কোম্পানিগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সম্ভাবনাময় উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্টার্টআপ খাতে অর্থায়ন প্রক্রিয়া জোরদার ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৯ জুলাই একটি মাস্টার সার্কুলার প্রণয়ন করা হয়। ওই সার্কুলারে বর্ণিত বিধান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’র আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের লক্ষ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এই দফায় ১৬টি তফশিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্টার্টআপ উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদানের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও স্টার্টআপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি স্থাপনে করণীয় নির্ধারণ বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী এখন থেকে স্টার্টআপ উদ্যোক্তারা বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল হতে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বা বিনিয়োগ সহায়তা পাবেন। এ তহবিল থেকে উদ্যোক্তাদের চলতি ও মেয়াদি ঋণ সুবিধা দেওয়া হবে। এছাড়াও নতুন সার্কুলার অনুযায়ী স্টার্টআপ খাতে উদ্যোক্তাদের অনুকূলে বিভিন্ন পর্যায়ভিত্তিক ঋণসীমা ২ কোটি হতে ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।