২৪ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী সুমনা চক্রবর্তী মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় হামলার শিকার হয়েছেন। নিজের গাড়িতে করে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী তার গাড়ি ঘিরে ফেলে এবং আক্রমণাত্মক আচরণ করে বলে অভিযোগ করেছেন তিনি। ইনস্টাগ্রামে ঘটনার বিস্তারিত শেয়ার করে নিজের উদ্বেগও প্রকাশ করেন এই বাঙালি অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে একটি পোস্টে ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন সুমনা। তিনি বলেন, ‘আমি কোলাবা থেকে ফোর্ট যাচ্ছিলাম এবং হঠাৎ আমার গাড়ি জ্যামের মধ্যে আটকে পড়ে। আমাকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন ব্যক্তি আমার গাড়ির ওপর উঠে জোরে জোরে বাজাতে শুরু করে এবং আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। সেই সময়ে বাকি কয়েকজন আবার জানালার কাছে এসে আমাকে দেখে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে শুরু করে। ঘটনাটি পাঁচ মিনিটের মধ্যে দুইবার ঘটেছে আমার সঙ্গে।’
অভিনেত্রী আরো বলেন, ‘পুলিশের লোকেরাও সেখানে ছিলেন। কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। আমরা প্রকাশ্য দিবালোকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। লোকেরা রাস্তা দখল করে রেখেছিল, যা খুবই ভয়ংকর ব্যাপার। প্রতিবাদের নামে, লোকেরা রাস্তায় ঘুমাচ্ছিল। সেখানে বসেই খাওয়াদাওয়া এবং স্নান। সারা রাস্তায় তখন ময়লা ছড়িয়ে। সাধারণ মানুষকে রক্ষা করা পুলিশের কর্তব্য। যদি এভাবে চলতে থাকে, তা হলে আইন-শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে।’
অভিনেত্রীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পরে অভিনেত্রীর ভক্তরাও তাকে সাপোর্ট করছেন। কেউ কেউ সুমনাকে পরামর্শ দিয়েছেন যে তার উচিত থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ করা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।