২৪ ঘণ্টা অনলাইন : সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যস্ততা এখন ব্যবসায়িক কাজ নিয়েই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শোরুমের ফিতা কেটেই চলছে তার ব্যস্ততা। এছাড়াও নিজের রয়েছে একটি পার্লার। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা সময় অর্থাবস্থা খারাপ ছিল এই নায়িকার; এখন সেই সংকট অনেকটাই কেটেছে তার।
কিন্তু একসময় ঢালিউডে উচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়িকার হাতে বর্তমানে নেই কোনো সিনেমার কাজ। কাজেই নিজের ব্যবসার পরিধিও বড় করছেন অপু বিশ্বাস।
সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা- এমনই খবর কয়েকদিন ধরে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর। শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন।
এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’ এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।’
এই সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে আমি (অপু বিশ্বাস), এখানে মাসুদ খান আছেন, এবং কাজী মাহফুজ- এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।