শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সবজির বাজারে আগুন, দামে পুড়ছে ক্রেতা

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৫   ১১:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সবজির বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে গেলে ক্রেতাদের মুখে একটাই অভিযোগ— সবজির দামে আগুন। সাধারণ মানুষের ভাষায় বলা যায়, বাজারে ঢুকলেই যেন আগুন লেগে যাচ্ছে পকেটে। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তি, অন্যদিকে সবজি কেনার ক্ষেত্রে আর্থিক চাপ হয়ে উঠছে অসহনীয়। ফলে বাজারে গিয়ে নিত্যপণ্যের ঝুড়ি ভরতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামবাজার ও বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা এক মাস আগেও ছিল ৪৫ থেকে ৫০ টাকা। পটল ৭০ টাকা, শিম ২০০ টাকা, টমেটো ১৪০ টাকা পর্যন্ত উঠেছে।

শসা ৮০ থেকে ১০০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, চড়া ৪০ থেকে ৫০ টাকা, লতি মুঠো ৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

এদিকে আলুর দামও বাড়তি। কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়ক দিন আগেও ২০ টাকায় পাওয়া যেত। এছাড়া কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ টাকায় পৌঁছেছে। পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে স্থিতিশীল থাকলেও তা ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়া, পরিবহন খরচ বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং সংরক্ষণ সুবিধার অভাব— সব মিলিয়ে সবজির দাম বেড়ে যাচ্ছে।

কেনাকাটা করতে আসা গৃহিণী রওশন আরা বলেন, এক কেজি বেগুন কিনতে গেলেই এখন ৮০ টাকা লাগে। প্রতিদিনের রান্নার জন্য যা লাগে, তা কিনতে গিয়েই বাজেটের অর্ধেক শেষ হয়ে যায়।

অন্যদিকে রিকশাচালক জাকির হোসেনের অভিযোগ, আগে ২০০ টাকায় তিন–চার রকম সবজি আনা যেত। এখন এক–দুই রকম কিনতেই টাকা শেষ।

তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি, তাদের হাতেও সবজির সরবরাহ কম। ব্যবসায়ী জালাল হোসেন ঢাকা মেইলকে বলেন, জেলাগুলো থেকে সবজি কম আসছে। আবার ট্রান্সপোর্ট খরচও বেড়ে গেছে। লোকসান দিয়ে আমরা তো কম দামে বিক্রি করতে পারব না।

অর্থনীতিবিদরা মনে করছেন, কৃষকদের সরাসরি বাজারে বিক্রির সুযোগ দেওয়া, কোল্ড স্টোরেজ বাড়ানো, পরিবহন খরচ নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং জোরদার না করলে সবজির বাজারে অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হবে।

অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক এলাকায় সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। অন্যদিকে, সড়ক ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যয় দ্বিগুণ হয়েছে।

বাজার করতে আসা রহিম শেখ বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এমন যে কৃষক মাঠে যে দামে বিক্রি করছেন, শহরে এসে সেই দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে।

অন্যদিকে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ না থাকায় মৌসুমি সবজিগুলো সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ফলে বাজারে সরবরাহ কমছে, দাম বাড়ছে।

সংশ্লিষ্টরা বলেন, সবজি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু নিত্যপ্রয়োজনীয় এই বাজারে লাগামহীন দাম সাধারণ ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছে। অনেক পরিবারই এখন খাবারের তালিকা থেকে একাধিক সবজি বাদ দিচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর উদ্যোগ না নেয়, তবে বাজারের এই অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।