শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিনা ইয়াসমিনের জীবন-কর্ম নিয়ে ৩ ঘণ্টার তথ্যচিত্র

প্রকাশিত - ২৮ আগস্ট, ২০২৫   ১২:৩৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের সংগীতভুবনে যে কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে, তিনি সাবিনা ইয়াসমিন। আধুনিক গান, বিশেষ করে চলচ্চিত্রের গানে তার অনবদ্য পরিবেশনা যেন বাঙালির আবেগের সুর হয়ে বাজছে অর্ধশতকেরও বেশি সময় ধরে। সেই অসাধারণ শিল্পীর জীবন, সংগীতযাত্রা আর অজানা কাহিনি এবার ধরা পড়ল এক পূর্ণাঙ্গ তথ্যচিত্রে। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন প্রায় তিন ঘণ্টাব্যাপী প্রামাণ্যচিত্র—‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’। 

তথ্যচিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তথ্যচিত্র সম্পর্কে তুলে ধরেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ। এ সময় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, “তথ্যচিত্রের কিছু অংশ আজ এ অনুষ্ঠানের মাধ্যমে দেখার সুযোগ হয়েছে। অসম্ভব ভালো লেগেছে এটি। সিরাজ [শাইখ সিরাজ] ভাই যে এত সুন্দর করে এটি তৈরি করবেন, তা কল্পনাও করিনি। তথ্যচিত্রটিতে বিরক্ত হওয়ার কিছু নেই। আশা করছি, শ্রোতা-দর্শক নতুন এক সাবিনা ইয়াসমিনকে খুঁজে পাবেন।”   

তথ্যচিত্রটি নির্মাণের পাশাপাশি এটি পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন শাইখ সিরাজ। আগামী ৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন। বিশেষ দিনকে সামনে রেখে চ্যানেল আইয়ে এটি প্রচার হবে ৫ সেপ্টেম্বর বেলা ২টা ৪০ মিনিটে। 

এতে উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনের বহু অজানা তথ্য, শৈশব থেকে কৈশোর এবং কৈশোর থেকে তারুণ্যে যাত্রা, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জীবন ও রাজনৈতিক বাস্তবতা। উঠে এসেছে গান ও পরিণত জীবনের গল্প। দিলশাদ থেকে কীভাবে হয়ে উঠলেন বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিন।   

তথ্যচিত্রে সাবিনা ইয়াসমিনের গানে ঠোঁট মেলানো চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী, নির্মাতা, সুরকার কণ্ঠশিল্পীসহ গানের পেছনের স্মৃতি, শুটিংয়ের নানান অভিজ্ঞতা ও শিল্পীসত্তার গল্প তুলে ধরেছেন শাইখ সিরাজ। 

এ প্রজন্মের কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, সানিয়া সুলতানা লিজা, ইমরান মাহমুদুল, জানিতা সুলতানা ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিনের সাড়ে ১৫ হাজার গানের ভাণ্ডার থেকে শিল্পীর বাছাই করা ১২টি গান। প্রতিটি গানের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা ও আবেগঘন প্রেক্ষাপট তুলে ধরেছেন শিল্পী নিজেই। শুধু গানের গল্প নয়, নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সে সময়ের স্মৃতি, সাফল্য ও সংগ্রামের অভিজ্ঞতা।  

শাইখ সিরাজ বলেন, “তথ্যচিত্রটি নির্মাণে নানা চ্যালেঞ্জ ছিল। সাবিনা ইয়াসমিন সংগীত ক্যারিয়ারে ১৫ হাজার গান গেয়েছেন। এ গানের মধ্যে ১২টি গান বাছাই করা কঠিন ব্যাপার ছিল। এ প্রজন্মের শিল্পীরা তার গাওয়া গান তারই সামনে গেয়েছেন। তথ্যচিত্রের মাধ্যমে তার জীবনটা আমরা খুব কাছে থেকে দেখেছি। আশা করছি, তথ্যচিত্রটি সবার ভালো লাগবে। এতে সাবিনা ইয়াসমিনের অনেক অজানা কিছু জানা যাবে।”  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।