নিজের নতুন বাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় রেগে আগুন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
সম্প্রতি মুম্বাইয়ের পালি হিলে রাজ কাপূরের পুরনো বাড়ি নতুন করে নির্মাণ করেছেন রণবীর কাপুর ও আলিয়া। সেই বাড়ির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।
আলিয়ার অভিযোগ, পাপারাজ্জিরা তার ব্যক্তিগত পরিসরে ঢুকে ছবি তুলেছেন। যে কারণে ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে বাড়ির ছবি ও ভিডিও মুছে ফেলার অনুরোধও করেছেন তিনি।
বাড়িকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করায় আলিয়াকে খোঁচা দিয়েছেন বিতর্কিত অভিনেত্রী পায়ল রোহতগী।
আলিয়ার উদ্দেশে পায়েল বলেছেন, “বাড়ির বাইরে থেকে ছবি তোলাকে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া বলা যায় না। স্বামী বা অন্য কোনও পুরুষের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ছড়ালে তবেই বলা যেত ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ।”
পায়েলের দাবি, বাড়ির এলাকা ক্যামেরাবন্দি হলে তা কোনওভাবেই প্রাইভেসি লঙ্ঘন নয়। তিনি আরও বলেন, “নেটিজেনরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেন, যেখানে আশপাশের বহু বাড়ি ধরা পড়ে। আলিয়ার নিরাপত্তারক্ষী ও সিসিটিভি লাগানোর মতো সামর্থ্য রয়েছে, সেটাই করা উচিত।”
তবে এই মন্তব্যের জন্য উল্টো সমালোচনার মুখে পড়েছেন পায়েল রোহতগী। আলিয়ার ভক্তরা এবং সাধারণ নেটিজেনরা তাকে কটাক্ষ করে লিখেছেন, “মানুষ নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য কী না করছে! এই মহিলার মধ্যে প্রবল ঘৃণা জমে রয়েছে। ঘৃণা প্রকাশ করেই চর্চায় উঠতে চাইছেন তিনি।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।