শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ দেশে ফেরার আকুতি, মর্যাদা নিয়ে বাঁচতে চান রোহিঙ্গারা

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৫   ০৮:৪৪ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

মিয়ানমারে নিপীড়িত হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশ অভিমুখে অনিশ্চিত যাত্রার ৮ বছর পূর্ণ হয়েছে আজ।

 

সোমবার (২৫ আগস্ট) দিনটিকে ‘রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস’ হিসেবে পালন করেছেন উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রিত রোহিঙ্গারা। 

 

সকাল থেকে দুপুর পর্যন্ত কমপক্ষে ৫টি পৃথক জায়গায় লাখো রোহিঙ্গার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ। সকাল ১০টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উখিয়ার রাজাপালংয়ের মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল খেলার মাঠে সবচেয়ে বড় সমাবেশটি শুরু হয়। যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা লক্ষাধিক রোহিঙ্গা।

 

শিশু-যুবক থেকে শুরু নারীদের উপস্থিতিতে পরিপূর্ণ সমাবেশস্থলে ‘উই ওয়ান্ট জাস্টিস’,‘আরকান ইজ আওয়ার হোম’, ‘উই উইল গো হোম, ওয়ার্ল্ড লিসেন টু আস’ ইত্যাদি লেখা সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড দেখা গেছে অংশগ্রহণকারীদের হাতে।

 

সমাবেশে বক্তব্যে এফডিএন রোহিঙ্গা রিপ্রেজেনটেটিভ কমিটির মুখপাত্র রোহিঙ্গা নেতা মাস্টার কামাল বলেন, আমরা যে কোনো মুহূর্তে ঘরে ফিরতে প্রস্তুত, বিশ্বকে আমাদের আকুতি শুনতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। আমরাও মানুষ, আমাদেরও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আর সেই অধিকার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে। 

এ সময় ‘২৫ আগস্ট, আমরা যা দেখেছি’ শীর্ষক বক্তব্যে ২০১৭ সালের ভয়াবহ নৃশংসতার বিবরণ দেন রোহিঙ্গা তরুণ মোহাম্মদ সলিম, রফিক ও মাইয়ু ইসলাম। 

 

তারা বলেন, এক কাপড়ে আমরা বহুদূর হেঁটে বাংলাদেশে প্রাণ বাঁচাতে এসেছি। আমাদের ওপর নৃশংস গণহত্যা চালানো হয়েছে, যে ক্ষত কখনো ভুলে যাবার নয়।

 

‘আমাদের যা প্রয়োজন’ শিরোনামে বক্তব্য দেন আব্দুল মোতালেব ও মোহাম্মদ সাদেক। এ সময় তারা নিরাপত্তা, মর্যাদাসহ প্রত্যাবাসনের মূল দাবির পাশাপাশি রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ইংরেজিতে বক্তব্য দেন রোহিঙ্গা তরুণী জাহান নুর। তিনি বলেন, রাখাইনে এখনো রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে, আরকান আর্মির হাতে আমাদের ভাই-বোনেরা প্রাণ হারাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে নিপীড়ন বন্ধে এগিয়ে আসতে হবে।

 

সমাবেশে রোহিঙ্গা তারানা (গান) পরিবেশনের পাশাপাশি তরুণদের কণ্ঠে ছিলো ইংরেজি, বার্মিজ ও রোহিঙ্গা ভাষায় কবিতা আবৃত্তি।

 

মৌলভি আবদুল গণির আবেগাপ্লুত কন্ঠে মোনাজাত দিয়ে শেষ হয় সমাবেশ। এ সময় সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে অশ্রুসিক্ত প্রার্থনা করেন রোহিঙ্গারা।

 

৪নং রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও উখিয়ার ১-ওয়েস্ট ক্যাম্প, ৯ নং রোহিঙ্গা ক্যাম্পেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

ক্যাম্পে যখন সমাবেশ চলছিল ইনানীর সমুদ্র সৈকত পাড়ের হোটেল বে-ওয়াচে রোহিঙ্গাবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ৭ দফা কর্ম পরিকল্পনা প্রস্তাব করেন।

 

সম্মেলনটিকে বলা হচ্ছে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের রোহিঙ্গাবিষয়ক সম্মেলনের আগে প্রস্তুতিমূলক আয়োজন। আগামীকাল ২৬ আগস্ট অংশগ্রহণকারীদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হবে এই সম্মেলন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।