২৪ ঘণ্টা অনলাইন : নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’–এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা মারা গেছেন। গত ২৩ আগস্ট বিকেলে ইতালির ভেনিসে পঞ্চম সিজনের শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৭ বছর। স্থানীয় গণমাধ্যম লা রিপাব্লিকা জানিয়েছে, হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
দ্য হলিউড রিপোর্টার জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দিয়েগো মারা যান। ভেনিসের হোটেল ড্যানিয়েলির ভেতরে ওই দিনের শেষ দৃশ্য ধারণের প্রস্তুতি চলার সময় ঘটনাটি ঘটে।
প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিওস এক বিবৃতিতে শোক প্রকাশ করে জানায়, ‘এমিলি ইন প্যারিস’ প্রোডাকশন পরিবারের এক সদস্যের আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও প্রিয়জনদের পাশে আছি।’
সম্প্রতি নেটফ্লিক্স প্রকাশ করেছে সিরিজটির পঞ্চম সিজনের প্রথম ঝলক। লিলি কলিন্স অভিনীত নতুন মৌসুম আসছে ১৮ ডিসেম্বর। গল্পে দেখা যাবে, রোমে এজেন্স গ্রাতোর প্রধান হিসেবে এমিলি পেশাগত ও ব্যক্তিগত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।
এই সিজনে জনপ্রিয় অভিনেত্রী লিলি কলিন্স ছাড়াও অভিনয় করেছেন ফিলিপিন লেরয়-বোলিউ, অ্যাশলি পার্ক, লুকাস ব্রাভো, স্যামুয়েল আর্নল্ড, ব্রুনো গাউয়েরি, উইলিয়াম অ্যাবাডি, লুসিয়ান লাভিসকাউন্ট, ইউজেনিও ফ্রানচেসচিনি, মিনির ড্রাইভারসহ আরও অনেকে। সূত্র: দ্য হলিউড রিপোর্টার ও পিপল ডটকম।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।