শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো বিএফআইইউ প্রধানকে

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৫   ১১:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৯ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহীনুল ইসলাম দায়িত্বে থাকবেন না। বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নর এবং দুই নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি ভিডিওগুলোকে ভুয়া দাবি করলেও কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক ফ্যাক্টচেকে এগুলো সত্য বলে প্রমাণিত হয়। এর পরদিন তিনি অফিসে উপস্থিত হননি।

এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অবিলম্বে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নর বরাবর স্মারকলিপি দেন। এতে উল্লেখ করা হয়, ভিডিওটি রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং শাহীনুল ইসলামের যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অভিযোগ করেছেন, শাহীনুল ইসলাম বিতর্কিত পরিবহন ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেন। তাদের মতে, এ ধরনের আচরণ বিএফআইইউয়ের মতো সংবেদনশীল সংস্থার নেতৃত্বের জন্য অযোগ্যতার প্রমাণ। এ বিষয়ে শাহীনুল ইসলাম বলেন, ‘আমার মতো ব্যক্তি কি এমন করতে পারে? এটা ভুয়া এবং আমার বিরুদ্ধে চক্রান্ত। শুরু থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে লেগে আছে।’

গত বছরের ৮ আগস্ট আন্দোলনের মুখে বিএফআইইউর তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস পদত্যাগে বাধ্য হওয়ার পর পদটি শূন্য হয়। শূন্য পদে নিয়োগের জন্য ৩ নভেম্বর বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। ২৯টি আবেদন থেকে মৌখিক পরীক্ষায় ডাকা হয় ১০ জনকে। প্রাথমিকভাবে যে তিনজনের নাম অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় সেখানে শাহীনুল ইসলামের নাম ছিল না। তবে হঠাৎ করেই শাহীনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।