২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশি চলচ্চিত্র ‘নয়া মানুষ’ জায়গা করে নিয়েছে কানাডার অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে। টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত উৎসবটি ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে ২৮টি দেশের ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।সিনেমাটির নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮টায়।
সোহেল রানা বয়াতি বলেন, “নয়া মানুষ’ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে, সেটি দেখানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের দর্শকের অন্তরে জায়গা করে নেবে।”
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে, মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন—রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদ প্রমুখ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।