২৪ঘণ্টা অনলাইন : জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ভাষায় প্রচারের জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এরই মধ্যে টফিতে মুক্তি পেয়েছে ‘কুরুলুস ওসমান’-এর প্রথম তিনটি সিজন। আগামী ২২ আগস্ট থেকে প্রচার হবে চতুর্থ সিজন, এরপর পর্যায়ক্রমে আসবে বাকি দুটি সিজন। গল্পে দেখা যাবে– আনাতোলিয়ার কায়ি গোত্র, যারা বাইজেন্টাইন সাম্রাজ্য ও মঙ্গোল দস্যুদের অত্যাচারে দিশেহারা।
গোত্রপ্রধান সুলেমান শাহর পুত্র আরতুগ্রুল শুরু করেন লড়াই, যা পরবর্তীতে ভিত্তি গড়ে দেয় ওসমানীয় সাম্রাজ্যের। তাঁর পুত্র ওসমান বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে এগিয়ে আসেন এবং ন্যায়বিচারে ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বন্ধুত্ব, অকৃতজ্ঞতা, সাহসিকতা ও আত্মত্যাগে ভরপুর এই ধারাবাহিক বিশ্বজুড়ে পেয়েছে বিপুল জনপ্রিয়তা।
মেহমেদ রোজদাগ রচিত সিরিজটি পরিচালনা করেছেন মতিন গুনাই। মূল চরিত্রে অভিনয় করেছেন বুরাক অ্যাজিভিট, পাশাপাশি আছেন ওজগে টোরের, আলমা তেরিজ, ফারুক আরান, এমরে বে, ইসমাইল হাক্কি উরুন প্রমুখ।
বিশ্বের ৭৩টি দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়ে সিরিজটি জিতেছে আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজের পুরস্কার। বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন ৫৩ জন বাংলাদেশি কণ্ঠশিল্পী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।