শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে সোল ডান্স ফিল্ম ক্লাবের আয়োজনে প্রদর্শিত হবে ‘ওরা ৭ জন’

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৫   ১২:২০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে প্রবাসে ছড়িয়ে দিতে ব্রিটিশ-বাংলাদেশিদের উদ্যোগে লন্ডনে গড়ে উঠেছে সোল ডান্স ফিল্ম ক্লাব। বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতিকে লালন করে যাঁরা প্রবাসেও বাঁচিয়ে রাখতে চান, এই ক্লাব তাদের জন্য একটি প্রাণের জায়গা হয়ে উঠছে।

সেই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ক্লাবটি। আগামী ৮ আগস্ট, শুক্রবার, স্থানীয় সময় বিকেল ৫:৩০টায় লন্ডনের বাংলাদেশ সেন্টারে দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রশংসিত সিনেমা ‘ওরা ৭ জন’।

সিনেমা প্রদর্শনী উপলক্ষে সোল ডান্স ফিল্ম ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক দিলরুবা ইয়াসমিন রুহী বলেন, ‘আমি নিজেও সংস্কৃতি অঙ্গনের একজন মানুষ। লন্ডনে অনেক বাংলাদেশি আছেন, যারা বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন, লালন করেন। তাদের সঙ্গে নিয়েই আমরা গড়ে তুলেছি এই ফিল্ম ক্লাব। আমাদের লক্ষ্য, বাংলা সিনেমাকে লন্ডনে নিয়মিতভাবে প্রদর্শন করা। এবার শুরু করছি মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নিয়ে নির্মিত ‘ওরা ৭ জন’ দিয়ে। এ প্রদর্শনী শুধু সিনেমা দেখা নয়-এটি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করার একটি সম্মিলিত প্রয়াসও।’

খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’ সিনেমাটি সাতজন মুক্তিযোদ্ধার সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত। এতে অভিনয় করেছেন খিজির হায়াত খান, ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয়রাজ, নাফিস আহমেদ ও হামিদুর রহমান।

ছবিটি মুক্তি পায় ২০২৩ সালের মার্চ মাসে। পরের বছর ১৪ ফেব্রুয়ারি এটি অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পায়, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এছাড়া ভারতের ১৩তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ এটি অফিশিয়াল সিলেকশন হিসেবে মনোনীত হয়।

প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝে ইতিহাসচেতনা জাগাতে এমন উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ‘ওরা ৭ জন’-এর মতো চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে বাংলাদেশের জন্মগাঁথা, সাহসী মানুষের আত্মত্যাগের গল্প।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।