শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার হকারদের গল্প নিয়ে মঞ্চে আসছে ‘সংস অব হকার্স’

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৫   ১২:১৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে এক ভিন্নধর্মী নাটক ‘সংস অব হকার্স’। কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসাত্মক এই প্রযোজনায় ফুটে উঠবে রাস্তার হকারদের জীবন ও সংগ্রামের রঙিন চিত্র। নাটকটির নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা যাযি আয়ুন।

দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যাযি আয়ুনের শিল্পচর্চার কেন্দ্রে। সেই আগ্রহ থেকেই তিনি মঞ্চে এনেছেন বাংলাদেশের হকারদের প্রাণবন্ত জগৎ-যাঁরা শহরের রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন পণ্যের ডাক দিয়ে সৃষ্টি করেন শহরের নিজস্ব ছন্দ।

নাটকটি সাজানো হয়েছে তিনটি ছোট গল্পের সমন্বয়ে । কৌতুক, ব্যঙ্গ এবং অদ্ভুততার মিশেলে তৈরি এই ভিজ্যুয়াল গল্পকথনে থাকবে থিয়েটার, নৃত্য, পাপেট, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিক্সের অনবদ্য সমন্বয়। সংলাপে থাকবে বাংলা ও ভাঙা ভাঙা ইংরেজির মিশ্রণ।

এই নাটকের অনুপ্রেরণা এসেছে উনবিংশ শতাব্দীর ফরাসি নাট্যধারা গ্রাঁ গুইনিওল  থেকে, যা অতিরঞ্জিত শারীরিক অভিব্যক্তি ও অভিনয়ের মাধ্যমে বাস্তবতাকে উপস্থাপন করে। প্রযোজনাটি শুধুই কমেডি নয়-এটি শহরের সেই অদম্য পথযোদ্ধাদের প্রতি এক শ্রদ্ধার্ঘ্য, যারা প্রতিদিন ফেরি করে নিয়ে আসেন সাশ্রয়ী ও সহজলভ্য পণ্য, আর যাদের অনবরত ডাক শহুরে জীবনে যোগ করে অনন্য কাব্যিকতা।

মঞ্চে অভিনয় করবেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল ও সুরাইয়া টি. মৌ। নাটকের সময়কাল এক ঘণ্টা, ভাষা বাংলা—সামান্য ইংরেজির সংমিশ্রণে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত হওয়ায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বসার ব্যবস্থা করা হবে।

প্রযোজনাটি মঞ্চস্থ হবে ৮ ও ৯ আগস্ট সন্ধ্যায়। আয়োজক প্রতিষ্ঠান আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে হাসি, ভাবনা ও উদযাপনে ভরা এক সন্ধ্যায় শরিক হতে—শহরের রঙিন, পরিশ্রমী পথচলাদের গল্প শোনার জন্য।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।