২৪ঘণ্টা অনলাইন : গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া ‘সাবা’ এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে।
১৭ আগস্ট সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে বলে জানা গেছে।
সাবা নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। এই সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান সাবা। বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানা নিয়েছেন। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ারটা পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার। হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে?
এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
‘প্রিয় মালতী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হলেও সাবা মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। মেহজাবীন বলেন, ‘অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে সাবা প্রদর্শিত হবে এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি উৎসবে দর্শক প্রশংসিত হবে।’
একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে সাবার পাশাপাশি সঙ্গে জায়গা পেয়েছে ২ষ। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।