শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
কতটা প্রত্যাশা ছিল পূরণ হল কি

বাংলাদেশের উপর থেকে শুল্ক ১৭ শতাংশ হ্রাস

প্রকাশিত - ০১ আগস্ট, ২০২৫   ০৯:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অন্যান্য দেশের মতো বাংলাদেশের উপরেও শুল্কের পরিমাণ ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে ওই শুল্কের তালিকা প্রকাশ করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। তাতে বলা হয়েছে, বাংলাদেশের পণ্যের উপর ২০ শতাংশ বাড়তি শুল্ক নেবে আমেরিকা। এর আগে ৩৭ শতাংশ শুল্কের কথা ঢাকাকে বলা হয়েছিল। তা ১৭ শতাংশ হ্রাস পেয়েছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আরও কিছুটা শুল্ক হ্রাস প্রত্যাশা করেছিলেন। ঢাকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো।

গত ২ এপ্রিল ট্রাম্প যখন প্রথম বার বিভিন্ন দেশের উপর শুল্কের পরিমাণ ঘোষণা করলেন, তখন বাংলাদেশের পণ্য থেকে ৩৭ শতাংশ বাড়তি শুল্ক নেওয়ার কথা বলেছিলেন। পরে সেই শুল্ক স্থগিত হয়ে যায়। ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, ৩৭ নয়, দুই শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর শুল্কের পরিমাণ করা হচ্ছে ৩৫ শতাংশ। এর পরেও বাংলাদেশের আধিকারিকেরা হোয়াইট হাউসের সঙ্গে শুল্ক নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন। কী করলে শুল্কের পরিমাণ আরও কমানো যায়, তা দেখছিলেন। অবশেষে সেই আলোচনার পর বৃহস্পতিবার বাংলাদেশের শুল্ক চূড়ান্ত করলেন ট্রাম্প। জানালেন, আমেরিকার বাজারে কোনও পণ্য বিক্রি করতে হলে বাংলাদেশকে ২০ শতাংশ হারে শুল্ক দিতে হবে।

ট্রাম্পের ঘোষণায় প্রত্যাশাপূরণ না হলেও একেবারে হতাশ নয় ঢাকা। বশিরউদ্দীন বলেছেন, ‘‘২০ শতাংশ শুল্কে আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। আমেরিকায় আমাদের রফতানি বাধা পাবে না। তেমন আশঙ্কা নেই। তবে আমরা ২০ শতাংশের নীচে শুল্ক প্রত্যাশা করেছিলাম।’’ বস্তুত, এই ২০ শতাংশ শুল্ক বাড়তি। বর্তমানে বাংলাদেশ গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক দিয়ে আমেরিকায় ব্যবসা করে। ফলে ট্রাম্পের বাড়তি শুল্ক প্রযুক্ত হলে ঢাকাকে মোট ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে। বিদেশি সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, আগামী ৭ অগস্ট থেকে এই বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। এখনও ট্রাম্প প্রশাসন সে বিষয়ে কিছু জানায়নি।

যদিও এই বাণিজ্যচুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন ইউনূস। বলেছেন, ‘‘শুল্কহার ২০ শতাংশ করা হয়েছে। আগে আরোপিত শুল্কের চেয়ে তা ১৭ শতাংশ কম। শুল্কহার নিয়ে আলোচনায় আমাদের প্রতিনিধিরা অসাধারণ কৌশলগত দক্ষতা দেখিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থরক্ষার ক্ষেত্রে তাঁরা অবিচল থেকেছেন।’’ গত ফেব্রুয়ারি মাস থেকে আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে, জানিয়েছেন ইউনূস। তাঁর কথায়, ‘‘এই চুক্তি আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করেছে। তুলনামূলক সুবিধা ধরে রাখতে পেরেছে।’’ বাংলাদেশের দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথ এতে প্রশস্ত হয়েছে বলে ইউনূসের দাবি।

ভারতের উপর প্রথমে ২৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। পরে ২৫ শতাংশ শুল্ক চূড়ান্ত করা হয়েছে। পাকিস্তানের উপর ধার্য করা হয়েছে ১৯ শতাংশ শুল্ক। এ ছাড়া, শ্রীলঙ্কা থেকে ২০ শতাংশ, আফগানিস্তান থেকে ১৫ শতাংশ, ব্রাজ়িল থেকে ১০ শতাংশ, মায়ানমার থেকে ৪০ শতাংশ বাড়তি শুল্ক নেবে আমেরিকা। ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি ভারতের উপর জরিমানার হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে তিনি রুষ্ট। সেখান থেকে খনিজ তেল এবং অস্ত্র আমদানির কারণে ভারতের উপরে বাড়তি আরও শুল্ক চাপানো হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।