শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মিশর সীমান্ত দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৫   ১১:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দীর্ঘদিনের সংঘাত ও খাদ্য সঙ্কটে জর্জরিত গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে অবশেষে কিছুটা অগ্রগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক চাপ ও মানবিক সংস্থাগুলোর সতর্কবার্তার প্রেক্ষিতে মিশর থেকে গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী ট্রাক যাত্রা শুরু করেছে। এর আগে, ইসরায়েল শনিবার গাজায় প্রথমবারের মতো আকাশপথে ত্রাণ ফেলার কার্যক্রম শুরু করে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, জাতিসংঘের যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গাজায় ‘মানবিক করিডর’ চালু করা হবে এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে কার্যকর হবে ‘মানবিক বিরতি’।

মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল কাহেরা নিউজ জানায়, রোববার সকালে রাফাহ সীমান্ত অতিক্রম করে ত্রাণবাহী ট্রাকগুলো দক্ষিণ গাজার কারাম আবু সালেম (কেরেম শালোম) ক্রসিংয়ের দিকে অগ্রসর হয়েছে। এগুলোতে টনকে টন খাদ্য সহায়তা রয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দাবি করে আসছে, ইসরায়েলের অবরোধের কারণে গাজার প্রায় ২২ লাখ মানুষ তীব্র অনাহারে দিন কাটাচ্ছে। মার্চে ইসরায়েল ত্রাণ সরবরাহের সব পথ বন্ধ করে দেয় এবং মে মাসে সীমিতভাবে খোলার পরেও কঠোর বিধিনিষেধ আরোপ করে।

ইসরায়েল দাবি করছে, তারা গাজায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী ঢুকতে দিয়েছে, কিন্তু জাতিসংঘ তা সঠিকভাবে বিতরণে ব্যর্থ হয়েছে। তবে জাতিসংঘ এই অভিযোগ নাকচ করে বলেছে, কঠিন পরিস্থিতির মধ্যেও তারা যথাসম্ভব দক্ষতার সঙ্গে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ারড্রপ কার্যক্রম আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে হচ্ছে এবং এতে আটার বস্তা, চিনি ও টিনজাত খাবারের সাতটি বড় চালান রয়েছে। ইতোমধ্যে উত্তর গাজায় ত্রাণ পৌঁছেছে বলেও ফিলিস্তিনি সূত্র নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রোববার সকালে সেনাবাহিনী মানবিক করিডর ও বেসামরিক এলাকাগুলোতে মানবিক বিরতির নিয়ম মানবে। যদিও সামরিক অভিযান বন্ধ না করার কথাও তারা স্পষ্টভাবে জানিয়েছে।

এদিকে, ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রারত একটি ত্রাণবাহী জাহাজকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। জাহাজটির যাত্রীরা আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ছিলেন। এক্সে (Twitter) দেওয়া পোস্টে ইসরায়েল জানায়, জাহাজটিকে তাদের জলসীমায় প্রবেশের আগেই থামানো হয়েছে এবং সেটিকে নিরাপদে ইসরায়েলি উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘ বলেছিল, গাজায় মানবিক বিরতির ফলে ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়বে। তবে তারা অভিযোগ করেছে, ইসরায়েল এখনো যথেষ্ট বিকল্প রুট প্রদান করছে না, যার ফলে ত্রাণ সরবরাহে জটিলতা দেখা দিচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংকটে গত কয়েক সপ্তাহে অপুষ্টিজনিত কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত অপুষ্টিতে মারা গেছেন অন্তত ১২৭ জন, যাদের মধ্যে ৮৫ জনই শিশু।

শনিবার আইডিএফ আরও জানায়, তারা গাজায় লবণাক্ত পানি বিশুদ্ধ করার একটি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিয়েছে, যা প্রতিদিন প্রায় ৯ লাখ মানুষের পানির চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায়, যাতে প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং ২৫০ জন জিম্মি হয়। এর পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে, যাতে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিশ্বজুড়ে উদ্বেগ বাড়লেও, বাস্তব পরিস্থিতিতে ক্ষুধা আর সংকটে জর্জরিত গাজাবাসীদের পাশে দাঁড়াতে শুরু করেছে কিছু আন্তর্জাতিক শক্তি। এখন দেখার বিষয়, এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদে কেমন প্রভাব ফেলতে পারে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।