২৪ ঘণ্টা অনলাইন : ময়মনসিংহের ভালুকায় ২ শিশু সন্তানসহ মাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিক অবস্থায় পুলিশের সন্দেহ, এই ঘটনায় নিহত নারীর দেবর জড়িত। তাকে ধরতে র্যাব, ডিবিসহ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এ তথ্য জানান।
কাজী আকতার উল আলম জানান, নিহতের দেবর নজরুল ইসলামের আগের একটি হত্যা মামলার অজ্ঞাত আসামি হয়ে ২ বছর জেল খেটেছেন। এছাড়াও তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের নানা তথ্য রয়েছে। তাকে ধরতে পারলে এই হত্যাকাণ্ডে মূল রহস্য স্পষ্ট হয়ে যাবে।
নিহতরা হলেন- গৃহবধূ ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)। নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিল নামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। পরিবার নিয়ে তিনি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে হায়উম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে কাজে যাওয়ার পর বাসায় ফিরে এসে রফিকুল বাড়ির দরজায় তালা লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপরই স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। এদিকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও তাদের সঙ্গে একই বাসায় থাকতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।