২৪ঘণ্টা অনলাইন : তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে ওঠা নতুন কিছু নয়, তবে এবার নজর কাড়লো ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিনের ব্যবহৃত একটি ব্যাগ। ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড হার্মে (Hermès)–এর তৈরি এই চামড়ার বার্কিন ব্যাগ সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা!
ঘটনার শুরু ১৯৮৪ সালে। বিমান সফরের সময় জেন বার্কিনের পাশের আসনে ছিলেন হার্মে’র তৎকালীন ডিজাইনার জঁ লুই দ্যুমা। অভিনেত্রীর অনুরোধে তিনি সঙ্গে সঙ্গে এমন একটি ব্যাগের নকশা আঁকেন, যা হবে স্টাইলিশ এবং ব্যবহারিক— এমনকি বাচ্চার দুধের বোতলও যাতে বহন করা যায়। এভাবেই তৈরি হয় ‘বার্কিন ব্যাগ’ নামক কিংবদন্তি পণ্য।
নিলামে বিক্রি হওয়া ব্যাগটি ছিল জেন বার্কিনের ব্যবহৃত প্রথম বার্কিন ব্যাগ। ব্যাগটির ফ্ল্যাপে খোদাই করা রয়েছে তার নামের আদ্যক্ষর— ‘JB’। জানা যায়, অভিনেত্রী প্রায় নয় বছর ধরে ব্যাগটি ব্যবহার করেন। এখনো ব্যাগটির অবস্থা বেশ ভালো। নিলাম সংস্থা জানায়, একজন জাপানি ক্রেতা ফোনের মাধ্যমে অংশ নিয়ে ব্যাগটি কিনেছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৯৪ সালে জেন বার্কিন ক্যানসার রোগীদের সহায়তায় একটি সংস্থার জন্য ব্যাগটি প্রথম নিলামে তোলেন। পরে ২০০০ সালে ফরাসি এক সংগ্রাহক তা কিনে নেন। এবারের নিলাম ছিল তৃতীয়বার। সংস্থার দাবি— এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফ্যাশন-সম্পর্কিত ব্যাগ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।