শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘ন ডরাই’ বাংলাদেশে প্রথম মুক্তি পাচ্ছে নেপালি ছবি

প্রকাশিত - ১১ জুলাই, ২০২৫   ০৩:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো জায়গা করে নিচ্ছে কোনো নেপালি চলচ্চিত্র। আগামী ১৮ জুলাই দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে নেপালের আলোচিত সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সুচনা’। বিশেষ বিষয় হলো, সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আমদানি হচ্ছে সিনেমাটি, আর এর বিনিময়ে নেপালে যাচ্ছে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘ন ডরাই’।

নেপালি সিনেমাটি বাংলাদেশে আনার বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “এটাই প্রথম কোনো নেপালি সিনেমা, যা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আর এর মাধ্যমে দুই দেশের চলচ্চিত্র অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা ঘটতে যাচ্ছে।”

শুধু রাজধানী ঢাকা নয়, দেশের অন্যান্য শহরেও স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে প্রদর্শিত হবে ছবিটি। ‘মিসিং’ মূলত একটি প্রেমকাহিনি-নির্ভর থ্রিলার। সিনেমার শুরুতে দেখা যায়, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ছেলেটি ও মেয়েটির পরিচয়। পরে প্রথমবারের মতো দেখা হয় এক ক্যাফেতে। কিন্তু সেখানে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা– ছেলেটি মেয়েটির কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অপহরণ করে ফেলে! এখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি, উত্তেজনা আর রহস্যে মোড়ানো এক দৌড়।

নেপালি ভাষায় নির্মিত হলেও সিনেমাটির ভেতর দিয়ে উঠে এসেছে দেশটির লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন দীপেন্দ্র গাউছান। অভিনয়ে রয়েছেন দুরা সঞ্জয় গুপ্ত, অমিতেষ সাহ, মদন ঠাকুরসহ আরও অনেকে।

অন্যদিকে, বিনিময় চুক্তির আওতায় নেপালে প্রদর্শিত হবে বাংলাদেশের সমুদ্র ও নারীর স্বাধীনতাভিত্তিক সিনেমা ‘ন ডরাই’, যা ২০১৯ সালে দেশে মুক্তি পেয়েছিল। তানিম রহমান অংশুর পরিচালনায় এতে অভিনয় করেছিলেন সুনেরাহ বিনতে কামাল ও শরীফুল রাজ। সিনেমাটি তৎকালীন সময়েই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল।

নেপালি সিনেমা ‘মিসিং’ বাংলাদেশের বড় পর্দায় আসায় দুই দেশের দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন রকম এক আগ্রহ। এটি শুধু বিনোদন নয়, সংস্কৃতি বিনিময়েরও একটি নতুন পথ খুলে দিচ্ছে বলে মনে করছেন অনেকে। স্টার সিনেপ্লেক্সের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরাও।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।