২৪ঘণ্টা অনলাইন : 'পুষ্পা' ছবির পর থেকে রাশমিকা মান্দানার ক্যারিয়ারে যেন লেগেছে সাফল্যের ঝড়। 'অ্যানিম্যাল', 'পুষ্পা ২', 'ছাভা' একের পর এক হিট ছবির নায়িকা তিনি। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে একাকিত্ব। ছুটির দিনে আরও বেশি করে কুড়ে খায় এই দক্ষিণী অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন রাশমিকা। জানিয়েছেন, ছুটির দিনে প্রায়ই কেঁদে ফেলেন তিনি। কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হারাচ্ছেন বারবার। বিশেষ করে তার ১৩ বছর বয়সী ছোট বোনকে খুব মিস করেন তিনি।
অভিনেত্রীর কথায়, 'ও কখন এত বড় হয়ে গেল, বুঝতেই পারিনি। আমার উচ্চতার কাছাকাছি চলে এসেছে এখন। কিন্তু ওর বড় হয়ে ওঠার পুরো সফরটাই মিস করেছি আমি। গত আট বছরে কাজ করতে করতেই সময় কেটে গেছে।' তিনি আরও বলেন, 'গত দেড় বছরে একবারও বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গেও আর দেখা হয় না। আগে অন্তত বন্ধুরা কোনো পরিকল্পনা করলে আমাকে জানাত। এখন সেটা পর্যন্ত করে না। মনে হয়, জীবনের অনেক কিছুই ফসকে যাচ্ছে হাত থেকে।' খ্যাতি ও ব্যস্ততা সত্ত্বেও রাশমিকার মনে শান্তি নেই। বললেন, 'চাই কর্মজীবন আর ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রাখতে, কিন্তু পারছি না। এই বাস্তবতাটা খুব কষ্টের।'
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।