শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা পাঠাতে ১% কর লাগবে : ট্রাম্প

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৫   ০১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিতর্ক, হইহট্টগোলের মধ্যেই আমেরিকায় পাশ হয়ে গিয়েছে ‘বড় এবং সুন্দর বিল’! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই স্বপ্নের বিল শুক্রবার থেকে আইনে পরিণত হয়েছে। মার্কিন কংগ্রেসের দুই কক্ষে বিল পাশ হয়ে যাওয়ায় ‘বড়’ জয় পেলেন ট্রাম্প। আর ট্রাম্পের এই জয়ে কেউ খুশি হলেন, কারও কারও আবার মাথায় হাত!

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্পের ‘এজেন্ডার’ কেন্দ্রবিন্দুতে ছিল এই কর এবং ব্যয় সংক্রান্ত অর্থবিল। সেই বিল পাশ করাতে বার বার বাধার মুখে পড়তে হয় মার্কিন প্রেসিডেন্টকে। ঘরে-বাইরে প্রশ্নের মুখেও পড়েন। তবে এই বিল নিয়ে নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভসে পাশ হয়ে যায় বিলটি। মার্কিন আইনসভা বা কংগ্রেসের উচ্চ কক্ষ সেনেটে বিলটি অনুমোদন পেয়েছে। দুই কক্ষে পাশ হওয়ার পর বিলে সই করতে চলেছেন ট্রাম্প! শুক্রবার থেকে কার্যকর হওয়া ‘বড় এবং সুন্দর’ বিলে যেমন কিছু ক্ষেত্র উপকৃত হবে, আবার কোনও কোনও ক্ষেত্রে তা শঙ্কারও কারণ!

ব্যবসায়ী, নির্মাতারা এই বিল নিয়ে খুশি। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ২০১৭ সালে ‘কর এবং চাকরি আইনে’ সই করেছিলেন। এই আইনের ফলে চাকুরিজীবীদের আয়ের উপর কর কমানো হয়। বিশেষজ্ঞদের মতে, এই আইন থেকে ধনী আমেরিকানেরা বেশি উপকৃত হবেন! শুক্রবার থেকে কার্যকর হওয়া আইনে পুরনো নিয়ম বলবৎ থাকছে। মেয়াদ বাড়ছে।

স্বাস্থ্যক্ষেত্রে বড় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনগুলির মধ্যে অন্যতম বিলে নিম্ন আয়ের ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ফেডারেল স্বাস্থ্যবিমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। বিলে বলা হয়েছে, স্বাস্থ্য কভারেজের আওতায় যোগ্যতা অর্জন করতে হবে। এ ছাড়াও আগে আমেরিকার ‘মেডিকেড’ বছরে এক বার পুনঃনথিভুক্ত করতে হত। এ বার থেকে ছ’মাস অন্তর নিজের যোগ্যতা প্রমাণ করে পুনঃনথিভুক্ত করতে হবে আবেদনকারীদের। ফলে ইতিমধ্যেই ওই বিল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে আমেরিকা জুড়ে।

তা ছাড়া এই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকারমূলক পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সহজ হয়ে যাবে। আমেরিকায় যে সব ব্যক্তির আয় টিপ্‌স বা ওভারটাইমের উপর নির্ভর করে, তাঁদের অতিরিক্ত কর প্রদানের আওতা থেকে বাদ রাখা হয়েছে।

ট্রাম্পের এই বিল প্রভাব ফেলতে পারে ভারতীয় অর্থনীতিতেও। ‘রেমিট্যান্সের’ উপর করের হার হ্রাস— এই বিলের অন্যতম বিষয়। বিলের মূল প্রস্তাবে বলা হয়েছিল, ‘রেমিট্যান্সের’ উপর করের হার পাঁচ শতাংশ ধার্য করা হয়েছিল। পরে তা কমিয়ে সাড়ে তিন শতাংশ এবং চূড়ান্ত সংস্করণে তা মাত্র এক শতাংশ রাখা হয়েছে! এর ফলে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মতো অভিবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

ভারতীয় বা অন্য দেশের নাগরিক নিজের দেশের বাইরে চাকরি করে যে অর্থ দেশে পাঠান, তাকেই ‘রেমিট্যান্স’ বলা হয়। আমেরিকার নাগরিক নন, অথচ কর্ম বা ব্যবসা সূত্রে যাঁরা সেই দেশে থাকেন, তাঁরা নয়া কর কাঠামোর আওতায় পড়বেন। বিলে প্রস্তাব, মার্কিন নাগরিক নন, এমন ব্যক্তিরা যদি আমেরিকায় উপার্জিত টাকা নিজের দেশে পাঠাতে চান, তবে তার উপর এক শতাংশ কর গুণতে হবে। করের পরিমাণ কমায় খুশি ‘গ্রিন কার্ড’ বা ‘এইচ১বি’ ভিসা নিয়ে আমেরিকায় কাজ করা ভারতীয়েরা।

নগদ, মানি অর্ডার বা ক্যাশিয়ার চেকের মাধ্যমে যাঁরা আমেরিকা থেকে নিজের দেশে টাকা পাঠান, তাঁরাই কেবল নতুন কর ব্যবস্থার আওতায় আসবেন। কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা পাঠানোয় কর ছাড় দেওয়া হয়েছে।

ভারতের বৈদেশিক আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হল ‘রেমিট্যান্স’। বিশ্বব্যাঙ্ক এবং ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান বলছে, ভারত শুধুমাত্র ২০২৪ সালেই প্রায় ১২৯০০ কোটি ডলার (১১ লক্ষ কোটি টাকারও বেশি) ‘রেমিট্যান্স’ পেয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।