শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যৌবন ধরে রাখতেই অকালে প্রাণ হারালেন শেফালি জরিওয়ালা

প্রকাশিত - ২৮ জুন, ২০২৫   ০৬:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২৮ জুন সকালে বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে কলকাতার। নিম্নচাপের কালো আকাশে ভেসে এল একটা মৃত্যুসংবাদ। খবরটা মাঝরাতেরই। কিন্তু ছড়িয়ে পড়ল সকালে। শেফালি জরিওয়ালা (Shefali Zariwala) প্রয়াত। কে শেফালি? সেই মেয়েটি, যাঁকে দেখা গিয়েছিল ‘কাঁটা লাগা’ ভিডিওয়। আজকের জেন জি কিংবা আলফা হয়তো তাঁকে কেবলই নামে চেনে। অসংখ্য কনটেন্টের স্রোতে কোনও একসময় দেখেছে সেই ‘আদ্যিকালের ভিডিও’-ও। কিন্তু তাদের পক্ষে বোঝা সম্ভব নয় হয়তো, নতুন সহস্রাব্দের শুরুর এই ভিডিওর যথার্থ অভিঘাত। পপ সংস্কৃতির সিন্দুকে থেকে গিয়েছে, থেকে যাবে ‘কাঁটা লাগা’। থেকে যাবেন শেফালি জরিওয়ালা।

সেই অর্থে ভেবে দেখলে শেফালি তাঁর কেরিয়ারে বিরাট কিছু করতে পারেননি। যদিও অসংখ্য মিউজিক ভিডিওয় দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে পঁয়ত্রিশটি। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় পা রাখা। যদিও হিন্দি ছবি তাঁর কেরিয়ারে ওই একটিই। ‘বুগি উগি’, ‘নাচ বলিয়ে’ থেকে ‘বিগ বস’-এর মতো রিয়ালিটি শোয়েও অংশ নিয়েছেন। কিন্তু শেষপর্যন্ত শেফালি জরিওয়ালার পরিচয় থেকে গিয়েছে একটিই। তিনি ‘কাঁটা লাগা গার্ল’।

ভাবতে ভাবতে কুয়াশায় ঢেকে যায় ২০২৫। ফিরে আসতে থাকে ২০০২। সেটা নতুন সহস্রাব্দের শুরুর দিক। গ্লোবালাইজেশন। কেবল টিভি। সাবালক হতে থাকা একটা সময়। সেই সময়েই যৌবনের পতাকা হাতে আমাদের ড্রইংরুমে এক সাহসী মেয়ে। যার অন্তর্বাস উপচে পড়ছে জিনস ছাপিয়ে। যার হাতে আঁকা ট্যাটু। আর প্যান্টের পিছনে গুঁজে রাখা একটা ম্যাগাজিন। কীসের ম্যাগাজিন? মলাটের নগ্ন পুরুষ বুঝিয়ে দিচ্ছে এর বিষয়বস্তু। আর সেই পত্রিকার পাতা মন দিয়ে ওলটাচ্ছে ভিডিওর তরুণী। ডিস্কো থেকে প্রবেশ করছে আশ্চর্য বিভঙ্গে চারপাশ মাতিয়ে দিতে দিতে। তাকে ঘিরে পুরুষের ভিড়। তাকে ঘিরে ভিড়ের হৃদয়। দূরে বিরক্ত প্রেমিক। তাকে খুশি করতে এবার ম্যাগাজিনে আগুন ধরিয়ে দেয় তরুণী। তারপর ঘনিষ্ঠ হয় প্রেমিকের সঙ্গে। যদিও ভিডিওর শেষে দেখা যায়, কেবলই পত্রিকার সামান্য অংশ পুড়েছে। বাকিটা রয়েছে যেমনকার তেমনই। সেটা প্যান্টের পিছনে গুঁজে রেখে সে হেঁটে যায় প্রেমিকের সঙ্গে।

শেফালি জরিওয়ালা ও এই গানের অমোঘ যুগলবন্দি প্রায় একটা ছোটখাটো পরমাণু বোমার মতো ফেটেছিল শহরে, মফস্বলে। এই প্রথম ভারতীয় জনমানসে নারীর বহুগামিতা এমন স্পষ্ট ভাবে উচ্চারিত হল। শরীরী বিভঙ্গ ও সঙ্গীতের এমন ছন্দোবদ্ধতাও যেন একদম নতুন। এমনিতেই সেই সময়ে মিউজিক ভিডিওর দাপট। একের পর এক রিমিক্স কিংবা ফাল্গুনী পাঠকের মতো গায়িকাদের অরিজিনালের দাপাদাপি। তবু এরই মধ্যে ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সমাধি’ নামের একটা ছবির গানের নতুন করে ফিরে আসা। যাঁরা ডিস্কো থেকে যেতেন তাঁরা ওই পরিবেশ চিনতেন। কিন্তু ক্যাবলা মফস্বল অথবা কলকাতার রক্ষণশীল পরিবার টিভির পর্দায় শেফালিকে দেখে সেই উদ্দাম, উচ্ছ্বাসের ভিতরে শুনতে পেতেন যৌবনের ‘বেপরোয়া বিচ্ছু’র দৃশ্যকল্প। শেফালি লাজুক প্রেমিকার আবরণ থেকে যেন বের করে আনলেন এক সোচ্চার রূপসীকে। প্রেমিক থেকে প্রেমিকে যাঁর অনায়াস গতায়াত। সেই গান, সেই ‘কাঁটা লাগা’ একধাক্কায় যেন কত কিছু বদলে দিয়েছিল। বাজার ছেয়ে গিয়েছিল ‘কাঁটা লাগা’ ড্রেসে! ঘরোয়া হুল্লোড়ে কমবয়সিরা কোমর দোলাতে শুরু করল। চারপাশ ছেয়ে গেল শেফালি ও রিমিক্সের সুরের আমেজে।

বদলে যাওয়ার সেই সময়কাল কত পিছনে চলে গিয়েছে। শনিবার সকালে ঘুম থেকে উঠে ৪২ বছরের শেফালির মৃত্যুসংবাদ আমাদের যেন টাইম মেশিনের সামনে দাঁড় করিয়ে দিল আবার। ইউটিউবে ফের জেগে উঠল সেই রিমিক্স। পুরনো সময় ফেরে না। কিন্তু হারানো সময় থেকে যায় সময়ের ভাঁজে রাখা চিরকুট হয়ে। যাঁরা সময়কে ফেরাবেন কিংবা সমসময়কে চিনতে একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিতে চাইবেন ফেলে আসা দিনের এক মিউজিক ভিডিও, তাঁদের জন্য থেকে যাবে ‘কাঁটা লাগা গার্ল’। শেফালি জরিওয়ালা প্রয়াত। কিন্তু সময়বদলের ইতিহাস লিখে রাখতে যৌবনতরণী বাইতে থাকবে সেদিনের সাহসী মেয়েটা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।