শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হয়েও হলো না শেষ

প্রকাশিত - ২৫ জুন, ২০২৫   ০৭:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নয়াদিল্লি এবং ইসলামাবাদ গত ১০ মে ট্রাম্পের ঘোষণার পরেই পৃথক পৃথকভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতার কথা জানিয়েছিল। এ বার কিন্তু তেল আভিভ-তেহরান ক্ষেপণাস্ত্র যুদ্ধ থামাল না।

ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত প্রায় সাড়ে ৩টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় চমকে উঠল সারা বিশ্ব। ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলে নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনটি পোস্ট করে দাবি করলেন তিনি। ঠিক যেমনটা তিনি দাবি করেছিলেন গত ১০ মে। ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে।

কিন্তু নয়াদিল্লি এবং ইসলামাবাদ গত ১০ মে ট্রাম্পের ঘোষণার পরেই পৃথক পৃথক ভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতার কথা স্বীকার করেছিল। এ বার কিন্তু তেহরানের তরফে প্রাথমিক বিরোধিতার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। যদিও বেলা গড়াতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ান বার্তা দিলেন রক্তপাত ও প্রাণহানি এড়াতে তাঁরা মেনে নিচ্ছেন সংঘর্ষবিরতির প্রস্তাব। যদিও তার পরেই তেহরান এবং তেল আভিভের তরফে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যা নিয়ে উষ্মা প্রকাশ করতে হয়েছে ট্রাম্পকে। ফলে শেষ পর্যন্ত আদৌ সংঘর্ষবিরতি আদৌ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সোমবার রাতে কাতারে মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তার পরেই যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের এই ‘অতিসক্রিয়তা’য় প্রশ্ন উঠেছে।

সোমবার রাতে সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘‘এই সংঘর্ষবিরতির সিদ্ধান্তে ইরান ও ইজ়রায়েল দু’দেশই সহমত হয়েছে। আগামী ছ’ঘণ্টার মধ‍্যেই সম্পূর্ণ সংঘর্ষবিরতি শুরু হবে। প্রথমে ইরান সংঘর্ষবিরতি শুরু করবে এবং তার ১২ ঘণ্টা পরে ইজ়রায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘণ্টা পর দু’দেশের মধ্যে ১২ দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে। এক পক্ষের সংঘর্ষবিরতি চলাকালীন অপর পক্ষকেও শান্তি বজায় রাখতে হবে।”

পরের পোস্টে ট্রাম্প দু’দেশকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “১২ দিনের যুদ্ধ শেষ করার মতো ক্ষমতা, সাহস ও বুদ্ধিমত্তা আছে এই দুই দেশেরই। তাই তাদেরকে জানাই অভিনন্দন। এই সংঘর্ষ বছরের পর বছর ধরে চলতে পারত। গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত এই সংঘর্ষ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এটা হয়নি। আর হবেও না। ঈশ্বর সকলকে রক্ষা করুক।” “সংঘর্ষবিরতি এখন থেকে কার্যকর হচ্ছে। দয়া করে লঙ্ঘন করবেন না।”

সংঘর্ষবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি প্রাথমিক ভাবে উড়িয়ে দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “আমেরিকার সঙ্গে এখনও পর্যন্ত আমাদের সংঘর্ষবিরতির বিষয়ে কোনও চুক্তি হয়নি। তবে ইজ়রায়েল নতুন করে হামলা না করলে, আমরাও আর সংঘাতে জড়াব না।” তিনি জানান, ইরান কোনও সংঘর্ষ শুরু করেনি। ইজ়রায়েলই প্রথমে ইরানে হামলা চালিয়েছিল (গত ১২ জুন ‘অপারেশন রাইজ়িং লায়ন’)। তাই যুদ্ধবিরতি প্রথমে ইজ়রায়েলকেই কার্যকর করতে হবে। ইরানের নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (জাতীয় নিরাপত্তা পরিষদ)-এর তরফে জানানো হয়, তারা ইজ়রায়েলের সঙ্গে সংঘর্ষবিরতির পথে হাঁটছে। ইরানের বিবৃতিতে এ-ও বলা হয় যে, জায়নবাদী (ইহুদি জাতীয়তাবাদী মতাদর্শ) শত্রু এবং তার সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বলা হয়, ‘শত্রুর নিষ্ঠুরতা’র সমুচিত জবাব দিয়েছে ইরানের সেনাবাহিনী।

সেই সঙ্গে ইরানের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, শত্রুপক্ষ যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে তারাও পাল্টা হামলা চালাবে। অন্য দিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার প্রাথমিক প্রতিক্রিয়ায় সংঘর্ষবিরতি মনে নেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরেই তেহরানের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে নতুন করে হামলা শুরুর কথা জানায় ইজ়রায়েল।

ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্‌ৎজ় নতুন করে হামলা শুরুর নির্দেশ দেওয়ার পরেই ইরানকে নিশানা করে শুরু হয় অভিযান। দুপুর গড়ানোর আগেই পুরদস্তুর ক্ষেপণাস্ত্র যুদ্ধে নামে তেহরান-তেল আভিভ। ইরান জানায়, ইজ়রায়েলি হানায় ন’জন নিহত হয়েছেন। অন্য দিকে, নেতানিয়াহু সরকার অভিযোগ করে, মঙ্গলবার সকালে ইজ়রায়েলের দক্ষিণ প্রান্তে বেরশেভা শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। ওই হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি করে ইজ়রায়েল।

ভারতীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ (ওয়াশিংটনের সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৭টা) সমাজমাধ্যমে আরও একটি পোস্ট করেন ট্রাম্প। তাতে ইজ়রায়েলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁর বার্তা, “ওই বোমাগুলি ছুড়ো না। তুমি যদি এটা করো, তবে (যুদ্ধবিরতির শর্তে) বড় লঙ্ঘন হবে। এখনই তোমার পাইলটদের (ইরান থেকে) ফিরিয়ে নাও।” ইজ়রায়েল দাবি করে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইরান। তাই ইরানের প্রাণকেন্দ্র তেহরান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার অভিযোগ করেন, অনেকেই ইরান এবং রাশিয়ার সম্পর্ক নষ্ট করতে চাইছে! ‘টাইমস অফ ইজ়রায়েল’-এর প্রতিবেদন অনুসারে, পেসকভ বলেন, “অনেক মানুষ তেহরান এবং মস্কোর সম্পর্ক নষ্ট করতে চাইছে।” তবে নির্দিষ্ট কারও নাম করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতরের মুখপাত্র। তবে মনে করা হচ্ছে আদতে আমেরিকা এবং ইজ়রায়েলকেই নিশানা করতে চেয়েছেন পেসকভ।

ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালানোর জন্য মঙ্গলবার আমেরিকা এবং ইজ়রায়েলের নিন্দাও করেন পেসকভ। ইরানে ইজ়রায়েলি হামলার পরেই জানিয়েছিল, নেতানিয়াহুর পদক্ষেপ শুধু ‘দায়িত্বজ্ঞানহীন’ই নয়, বরং আন্তর্জাতিক আইনেরও বিরোধী। রবিবার ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন সেনার ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর পর রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘এত দিনে এটা স্পষ্ট যে, ভয়াবহ উত্তেজনা বৃদ্ধি শুরু হয়ে গিয়েছে, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও বিঘ্নিত করে। আমেরিকার এই হামলা দায়িত্বজ্ঞানহীন এবং এতে আন্তর্জাতিক আইনও লঙ্ঘিত হয়েছে।’’

গত সপ্তাহে ইজ়রায়েল-ইরান সংঘাতের অবসানে মধ্যস্থতা করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন পুতিন। তিনি বলেছিলেন, মস্কো এমন একটি মীমাংসা আলোচনায় সাহায্য করতে পারে যা তেহরানকে শান্তিপূর্ণ ভাবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সুযোগ করে দেবে এবং একই সঙ্গে নিরাপত্তা নিয়ে ইজ়রায়েলের উদ্বেগও প্রশমিত করবে। কিন্তু তার আগেই ইরানে হামলা চালায় আমেরিকা। মঙ্গলবারের ঘটনাপ্রবাহে স্পষ্ট, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ট্রাম্পের নিয়ন্ত্রণে নেই। পুতিন কি সেই পরিস্থিতির সুযোগ নিতে চাইবেন এ বার?

সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট দিয়ে ট্রাম্প ইরানে শাসকবদলের পক্ষে সওয়াল করেছিলেন। সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শাসনে ইতি টানার বার্তাও দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার সেই অবস্থান থেকে সরে এলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘যদি বলে থাকি, বলেছি। কিন্তু আমি এটা চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমি সব কিছু শান্ত দেখতে চাই।’’

কেন তিনি ইরানে শাসকবদল চাইছেন না, তা-ও জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘শাসকবদলের সময়ে বিশৃঙ্খলা হয়। আমরা সেই বিশৃঙ্খলা দেখতে চাই না।’’ তিনি আরও বলেন, ‘‘আপনারা জানেন, ইরানিরা খুব ভাল ব্যবসায়ী হয়। ওদের প্রচুর তেল রয়েছে। ওদের ভাল থাকা উচিত। ওদের আবার পুনর্গঠন করার ক্ষমতা থাকা উচিত। ওদের কখনওই পরমাণুশক্তি থাকবে না। তা বাদে ওদের ভাল কাজ করা উচিত।’’

ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।