২৪ঘণ্টা অনলাইন : ক্যারিয়ারে আড়াই দশক পূর্ণ করা বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর তার জীবনযাপন নিয়ে দারুণ সচেতন। নড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই সন্তানের মা কারিনা তার ক্যারিয়ার আর ফিটনেস রুটিন নিয়ে কথা বলেছেন।
৪৫ বছর বয়সী কারিনা বলেছেন, তিনি জীবন বেঁধেছেন নিয়মে। রাতের খাবার খেয়ে নেন সন্ধ্যা ৬টার মধ্যে। ঘুমিয়ে পড়েন রাত ৯টর ভেতরে। আর শরীর চর্চা শুরু করেন ভোরের আলো ফোটার আগে। তখন অনেকেরই হয়ত ঘুম ভাঙে না।
কারিনা জানিয়েছেন, তিনি এখন পার্টি এড়িয়ে চলার চেষ্টা করেন। তিনি বলেন, আমার বন্ধুরা জানেন আমি আর কোনো পার্টিতে থাকি না। তারা সেটা মেনেও নিয়েছেন। কারিনার ভাষ্য, মা হওয়ার পর তিনি শরীরচর্চার গুরুত্ব ভালোভাবে বুঝতে পেরেছেন। কোভিড মহামারীর পর তিনি শরীরচর্চা নিয়ে বেশি কাজ করেছেন।
কারিনা জানান, আমি বুঝতে পেরেছি ফিটনেস বিষয়টা কেবল শারীরিক সৌন্দর্যের জন্য নয়। এটি মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। যদি কোনোদিন ব্যায়াম বাদ যায়, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। শরীরচর্চা তাকে শান্ত রাখে বলে জানিয়েছেন কারিনা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।