শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ইরান সংঘাত : সর্বশেষ পরিস্থিতি

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৬:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ টানা তৃতীয় দিনে অব্যাহত রয়েছে। রবিবার ১৫ জুন চলেছে ব্যাপক পাল্টাপাল্টি হামলা। দুই পক্ষের প্রাণহানি বেড়েছে এবং আঘাতের লক্ষ্যবস্তু সম্প্রসারিত হয়েছে—যা দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এবং গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে। বিশ্বনেতারা সহিংসতা বন্ধ ও সংযমের আহ্বান জানালেও লড়াইয়ে কোনো বিরতির আভাস নেই।

শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত ইরান একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১০ শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৩৮০ জন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নাগরিক হত্যার জন্য ইরানকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে। দুপুরে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আবারও সাইরেন বেজে ওঠে। তবে কিছুক্ষণ পর জানানো হয়, মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারে।

অন্যদিকে শুক্র থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ১২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছে শত শত মানুষ। ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় ইরানে মসজিদ, স্কুল ও মেট্রো স্টেশনগুলোকে আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ইরানিদের অস্ত্র কারখানাগুলোর আশপাশের এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার রাতে তারা তেহরানে ৮০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। এসব হামলা শুধু সামরিক ও পারমাণবিক স্থাপনায় নয়, বরং তেলভিত্তিক অবকাঠামো ও সরকারি ভবনেও বিস্তৃত হয়েছে। তেহরানে রবিবার দুটি জ্বালানি মজুদ স্থাপনায় হামলা চালানো হয়। ইসরায়েল শনিবার ঘোষণা দেয়, তারা তেহরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ইরানে ডজনখানেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফরম ধ্বংস করেছে।

ইরানের সংবাদমাধ্যম রবিবার জানায়, ইসরায়েল তেহরানের পুলিশ সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ও ইসফাহানের একটি প্রতিরক্ষা সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা ইসরায়েলি যুদ্ধবিমানের জ্বালানি স্টেশনে পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তাদের ভূখণ্ডের দিকে ছোড়া সাতটি ড্রোন প্রতিহত করা হয়েছে। পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে বলে জানিয়েছে।

এই সংঘর্ষের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি সংক্রান্ত আলোচনা চলছিল। ওমানে রবিবার ষষ্ঠ দফার আলোচনার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। তেহরান জানিয়েছে, যতক্ষণ ইসরায়েল হামলা চালিয়ে যাবে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল কৌশলে কূটনীতি বানচাল করতে এসব হামলা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল ‘নতুন লাল রেখা’ অতিক্রম করেছে।
তেহরান অভিযোগ করেছে, আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) ইসরায়েলের হামলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা সংস্থার সঙ্গে সহযোগিতা সীমিত করার হুমকি দিয়েছে।

এদিকে বিভিন্ন দেশ অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সংঘর্ষ প্রশমনের আহ্বান জানাচ্ছে। আরাঘচি রবিবার বলেন, ইরানের উপকূলবর্তী বড় একটি গ্যাস স্থাপনায় ইসরায়েলের হামলা ছিল বিপজ্জনক এবং এর মাধ্যমে পুরো অঞ্চল, এমনকি গোটা বিশ্বকেই সংঘাতে জড়ানো হতে পারে। তিনি আরো বলেন, তাদের কাছে এমন ‘দৃঢ় প্রমাণ’ রয়েছে যে ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সেনা ও ঘাঁটিগুলো সহায়তা দিয়েছে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ও ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে এবং উভয় পক্ষকে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার আবারও ‘একটি চুক্তিতে পৌঁছনোর’ আহ্বান জানান। তবে একই দিনে তিনি ইরানকে সতর্ক করে বলেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে ‘মার্কিন সামরিক বাহিনীর সম্পূর্ণ শক্তি’ দিয়ে জবাব দেওয়া হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।