২৪ঘণ্টা অনলাইন : তাকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে বিতর্কের শেষ নেই। ও পার বাংলার চর্চিত অভিনেতা শাকিব খানের ব্যক্তিগত জীবন ঘিরে অনেক আলোচনাই হয়েছে। অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ও পার বাংলার অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন অভিনেতা। সেই সম্পর্কও টেকেনি। ছেলে হওয়ার পরেই সম্পর্কে ইতি টানেন শাকিব। তার পর থেকে নানা বিতর্ক লেগেই আছে। এরই মাঝে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, অপু, বুবলীকে ভুলে অভিনেতার মন মজেছে মিষ্টি জান্নাতে।
সম্প্রতি বিমানে বসে একটি নিজস্বী তুলেছিলেন অভিনেত্রী। শাকিবের সঙ্গে নায়িকার সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু যত জল্পনা। তা হলে কি নতুন সম্পর্কে জড়ালেন অভিনেতা? যদিও নায়কের ‘স্পিকটি নট’। অনেকেই লিখেছেন, আবারও কি তবে বিদেশে নতুন সংসার পাতার পরিকল্পনা করে ফেলেছেন নায়ক?
গত রবিবার তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যে ছবি পোস্ট করে মিষ্টি লেখেন, ‘লভ লভ।’ সেই সঙ্গে অনেকগুলো ইমোজি। সেই ছবি দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন অনুরাগীরা। এক জন লেখেন, “অপু, বুবলীর সতীনের তালিকায় তবে যুক্ত হল নতুন সতীন!” তবে আদৌ যে বিষয়টি এমন নয় সেই ধোঁয়াশা কাটিয়েছেন নায়িকা নিজেই। ছবি পোস্টের পরেই একটি রিল ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তিনি স্পষ্ট করেছেন, কলকাতা থেকে ঢাকা ফিরছিলেন তাঁরা। ফ্লাইটেই নায়কের সঙ্গে দেখা হয়েছে তাঁর। তাই সুযোগ পেয়ে ছবিটি তোলেন তিনি। সম্প্রতি দুই পক্ষের ছেলের সঙ্গেই ছবি পোস্ট করেন শাকিবের দুই প্রাক্তন স্ত্রী। সেই ছবিকে কেন্দ্র করেও বিপুল বিতর্ক হয়েছিল।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।