শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই শেষে নিজের গানের স্বত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত টেইলর

প্রকাশিত - ৩১ মে, ২০২৫   ০৪:০০ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তার সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। গায়িকার প্রথম ছয়টি অ্যালবামের সবগুলো গানের মালিক এখন তিনি! নিজের গানের মালিকানা ফিরে পেতে রীতিমত যুদ্ধ করতে হয়েছে ৩৫ বছর বয়সী এই গায়িকাকে।

শুক্রবার (৩০ মে) টেইলর সুইফট তার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তার প্রথম ৬টি অ্যালবামের স্বত্ব তিনি ফিরে পেয়েছেন। যেগুলো প্রকাশ হয়েছিলো ‘স্কুটার ব্রন ড্রামা’ নামের একটি প্রতিষ্ঠান থেকে। শুধু ৬টি অ্যালবামই নয়, এই প্রতিষ্ঠানে থাকা টেইলরের কনসার্ট ভিডিও, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া জমা থাকা গানগুলোরও স্বত্ব ফিরিয়ে নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটে তার ভক্তদের উদ্দেশ্যে একটি হাতে লেখা চিঠি শেয়ার করেছেন এই সংগীতশিল্পী।

সেখানে তিনি লিখেছেন, ‘হাই! আমি আমার চিন্তাভাবনাগুলিকে গুছিয়ে একটা নির্দিষ্ট স্থানে একত্রিত করার চেষ্টা করছি। মন কেবল এই খবরটি আপনাদের জানাতে চাচ্ছে। এ খবর জানাবার জন্য কতবার স্বপ্ন দেখেছিলাম। কী তীব্রভাবে অপেক্ষা করেছি এটার জন্য। আমি খুব চেষ্টা করেছি এই দিনটির জন্য। যখনই এই স্বপ্নের কাছে গেছি, তখনই আমি আশাহত হয়েছি এবং ভেঙে পড়েছি। বলা যায় মূলা ঝুলিয়ে দূরে সরিয়ে দেওয়ার ২০ বছর পর, আমি প্রায় ভাবা বন্ধ করে দিয়েছিলাম যে, এমন ঘটনা কখনও ঘটতে পারে। কিন্তু এখন সেসব অতীত!’

এরপর সুইফট লিখেছেন, ‘আমি যখন থেকে জানতে পেরেছি যে, এটি সত্যিই ঘটছে তখন থেকেই আমি আনন্দের অশ্রুতে ফেটে পড়ছি। আমি সত্যিই এই কথাগুলি বলতে পারি এখন, আমি যে গান তৈরি করেছি, এখন সেগুলো শুধুই আমার!’

তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, ‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’

প্রসঙ্গত, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার ও প্রযোজক স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তার পুরনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি ‘স্কুটার ব্রন ড্রামা’ থেকে প্রকাশিত ৬টি অ্যালবাম তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। যার সফলতা এলো এবার। সেই ধারাবাহিকতায় ‘টেইলর ভারসন’ নামে ‘ফিয়ারলেস’, ‘রেড’, ‘স্পিক নাউ’ এবং ‘১৯৮৯’ নামের অ্যালবামগুলো পুনরায় রেকর্ড ও প্রকাশ করেন টেইলর।

এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন। ৩০ মে টেলর তার প্রকাশিত চিঠিতে লিখেছেন যে, তিনি ইতিমধ্যেই প্রথম অ্যালবামটি সম্পূর্ণরূপে পুনরায় রেকর্ড করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।