শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে : ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত - ২৮ মে, ২০২৫   ০৫:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ঘটছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ত; আর এজন্য বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। এহুদ ওলমার্ত ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। সম্প্রতি মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গাজায় গত ১১ সপ্তাহ ধরে খাদ্য বা ত্রাণসামগ্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা যদি যুদ্ধাপরাধ না হয়, তাহলে যুদ্ধাপরাধ কী? আপনি একে যুদ্ধাপরাধ ব্যতীত অন্য কোনো শব্দ দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা বা চিহ্নিত করতে পারবেন না।”

প্রসঙ্গত, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে ২০২৩ সালের অক্টোবর থেকে যখন গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী— সে সময় ইসরায়েলের বাইরে এই অভিযানের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছিলেন ওলমার্ত। এমনকি হামাস নিধনের নামে ইসরায়েলি বাহিনী যখন নির্বিচারে গাজার নারী, শিশু ও বেসামরিকদের হত্যা করছিল, তখনও একাধিকবার ওলমার্ত বলেছেন যে এসব হত্যাকাণ্ড ইসরায়েলি বাহিনীর ইচ্ছাকৃত নয়।

তবে ১৯ মাস ধরে যুদ্ধ চলার পর এখন ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী মনে করেন যে গাজায় আইডিএফের সামরিক অভিযানের মেয়াদ হওয়া উচিত ছিল সর্বোচ্চ এক বছর। আরও মনে করেন, গাজায় অভিযানের পক্ষে আর কোনো কথা বলা তার উচিত নয়। “আমরা এখন গাজায় যা করছি তাকে এক কথায় ধ্বংসযজ্ঞ বলা যায়; অর্থাৎ বেসামরিক লোকজনদের প্রতি সীমাহীন নিষ্ঠুরতা এবং নির্বিচারে তাদেরকে হত্যা— যা পুরোপুরি অন্যায্য এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো দিক থেকেই সহায়ক নয়।”

এই সরকারকে দ্রুত বিদায় করতে ইসরায়েলের জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়ে ওলমার্ত বলেন, “আমার বিশ্বাস, ইসরায়েলের অধিকাংশ নাগরিক বর্তমান সরকার, তাদের নীতি ও পদক্ষেপ নিয়ে ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত। এই সরকার ইসরায়েল এবং তার জনগণের নৈতিক মূল্যবোধের মানদণ্ডকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইসরায়েলের জনগণের উচিত এই সরকারকে বিদায় করা।”

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৯ বেশি সময় ধরে চলমান ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত ও আহত হয়েছেন যথাক্রমে ৫৩ হাজার ৯৭৭ জন এবং ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন। নিহত ও আহতদের ৫৬ শতাংশই নিরপরাধ নারী ও শিশু।

যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।
সূত্র : সিএনএন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।