শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচতে হলে পাকিস্তানকে সন্ত্রাস নির্মূল করতে হবে : মোদি

প্রকাশিত - ১২ মে, ২০২৫   ০৬:২৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর নৃশংস হামলার পর চার দিনের যুদ্ধ শেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবার কঠোর অবস্থান জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটি র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “ভারত আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না।”একই সঙ্গে তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন, “বাঁচতে হলে সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে।”

“ভারত এখন আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না। নিরপরাধ নাগরিকদের রক্তপাতের জবাব কঠোরভাবে দেওয়া হবে। যারা ভারতের নিরাপত্তা ও নাগরিকদের শান্তি বিঘ্নিত করতে চাইছে, তারা কড়া জবাব পাবে,” বলেন তিনি। মোদি বলেন, “ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা প্রয়োজন, তাই করা হবে।”

পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মোদি সাফ বলেছেন, “পাকিস্তান যদি বাঁচতে চায়, তাহলে তাদের নিজেদের মাটিতে গজিয়ে ওঠা সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করতে হবে। পাকিস্তানের উচিত, নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, না হলে প্রতিক্রিয়া অনিবার্য।”“সন্ত্রাসবাদ ও শান্তি একসঙ্গে চলতে পারে না। পাকিস্তান এক দিকে শান্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে– এই দ্বিচারিতা আর চলবে না।”

কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে মোদি বলেন, “কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে সব সমস্যা দ্বিপক্ষীয়ভাবেই সমাধান হওয়া উচিত।”তিনি বলেন, “এবার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এবার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। আজ বুদ্ধপূর্ণিমা, শান্তির পথও যুদ্ধ দিয়ে হয়।”তিনি আন্তর্জাতিক মহলকে ভারতীয় অবস্থান স্পষ্ট করে জানানোর জন্য তার দেশের কূটনৈতিক প্রচেষ্টা আরো সক্রিয় করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী মোদি জনগণের প্রতি শান্তি বজায় রাখার নির্দেশনা দিয়ে বলেন, “আমি দেশের নাগরিকদের ধৈর্য রাখার অনুরোধ করছি। আমাদের সেনাবাহিনী ও সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। দেশ একসাথে থাকলে, কেউ আমাদের বিভক্ত করতে পারবে না।”বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়ে মোদি বলেন, “আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করেছে পাকিস্তান। এখানেও তারা ব্যর্থ হয়েছে। বিশ্ব দেখল কীভাবে পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ভারতের কাছে ধুলিসাৎ হয়েছে; আকাশেই বিনষ্ট করে দেওয়া হয়েছে।

“তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা তারা ভাবতেই পারেনি। এখন তারা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমওর দ্বারস্থ হয়। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।”তিনি বিভ্রান্তিমূলক গুজবে কান না দেওয়ার জন্য এবং গঠনমূলক মনোভাব নিয়ে সরকারকে সহযোগিতা করার দেশের জনগণের প্রতি আহ্বান জানান।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের প্রশংসা করেন মোদি। তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা কোনো রাজনৈতিক বিভাজনের বিষয় নয়।”“দেশ যখন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন দলমত নির্বিশেষে সবাই একজোট– এটাই ভারতের শক্তি।” এই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি একটি শক্ত অবস্থান নিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে ভারতের বার্তা পৌঁছে দিতে চায় যে, ভারত শান্তি চায়, কিন্তু সন্ত্রাসবাদের কাছে মাথা নোয়াবে না।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।