শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতীয় গণমাধ্যমের দাবি

জম্মু-কাশ্মির-পাঞ্জাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত - ০৮ মে, ২০২৫   ০৫:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টার দিকে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও এনডিটিভির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভিডিওতে দেখা যায়, জম্মু-কাশ্মিরের আকাশে আলোর ঝলকানির পর বিস্ফোরণ ঘটছে। ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বাধা দেওয়ার সময় এই দৃশ্য দেখা যায় বলে ধারণা করা হচ্ছে।জম্মু-কাশ্মিরের কিছু এলাকায় মোবাইল ফোনের কিছু পরিষেবা সীমিত করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, সেখানকার স্থানীয়রা তাদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। পাকিস্তানের এই হামলায় জম্মু ও কাশ্মিরের বেশিরভাগ সীমান্ত অঞ্চল এখন ব্ল্যাকআউটের কবলে রয়েছে।

একই সঙ্গে ভারতের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুর, গুরুদাসপুরে এবং রাজস্থানের কিছু অংশেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের এই রাজ্যের সীমান্ত রয়েছে। এনডিটিভি বলেছে, সাম্বা, আখনুর, রাজৌরি এবং রিসির আন্তর্জাতিক সীমান্তে এখনও ভারি গোলাবর্ষণ চলছে। পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরের একদিন পর এই হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। একই দিনে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। তবে ভারতে হামলা চালানোর বিষয়ে দিল্লির এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের ১৫টি স্থানে হামলার দাবিকে ‘ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারতের এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রের নয়, বরং মঞ্চ কিংবা সিনেমার জন্যই উপযুক্ত।

সূত্র: এনডিটিভি, ডন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।