শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিনিধি পল থপিল বাংলাদেশে

প্রকাশিত - ০৭ মে, ২০২৫   ০৫:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ও কানাডার মধ্যে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে । এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে সহায়ক হবে। ৭ মে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়েও বৈঠকে বিশদ আলোচনা হয়। কানাডার একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পল। বৈঠকে ছিলেন, গিলডান, ব্ল্যাকবেরি, অ্যাডভানটেক, বেল হেলিকপ্টার, জেসিএম পাওয়ার এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডাুর প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন। 

এ সময় বাংলাদেশি পণ্যের জন্য কানাডার শুল্কমুক্ত কোটা সুবিধার প্রশংসা করেন পররাষ্ট্র সচিব। এছাড়াও চলমান বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (এফআইপিএ) নিয়ে আশা প্রকাশ করেন। বাংলাদেশ সরকারের বহুমাত্রিক অর্থনৈতিক সংস্কারের দিকটি তুলে ধরে তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, প্রকৌশল খাত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ আহ্বান করেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে জানিয়ে সরকার ঘোষিত সংস্কারগুলোর প্রশংসা করেন পল থপিল। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিনশ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ জানায় উভয় দেশ। এ প্রসঙ্গে পল বলেন, ‘এফআইপিএ চুক্তি বাস্তবায়িত হলে তার দেশের বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।’ কানাডায় বাংলাদেশি কমিউনিটির উদ্যমী ভূমিকার প্রশংসা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার শিক্ষা ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গাদের জন্য কানাডার চলমান মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি। একইসঙ্গে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা চান। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।