২৪ ঘণ্টা অনলাইন : ইসরাইলি বিমান হামলায় মঙ্গলবার গাজা উপত্যকাজুড়ে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে ‘নতুন ধারণা’ নিয়ে আলোচনা করতে কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছে হামাসের একটি প্রতিনিধিদল। হামাসের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। হামাসের ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে প্রতিনিধিদল নতুন ধারণা নিয়ে আলোচনা করতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে। এতে নেতৃত্ব দেবেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া।দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ ইসরাইল পুনরায় গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে। এখনো পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো অগ্রগতি হয়নি।
গাজায় এখনো যারা জিম্মি অবস্থায় আছে, তাদের মুক্তি দিতে গত সপ্তাহে ইসরাইলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস।সম্প্রতি ইসরাইলে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি হামাসকে গাজায় মানবিক সাহায্য প্রবেশের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি নিশ্চিতের আহ্বান জানান। এ আহ্বানের একদিন পরই হামাস নতুন করে আলোচনার তৎপরতা শুরু করছে। হাকাবি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, যদি জিম্মিদের মুক্তি দেওয়া হয়, তাহলে আমরা আশা করি, মানবিক সাহায্য অবাধে প্রবাহিত হবে। এটি আমাদের সকলের জন্য একটি জরুরি বিষয়। ইসরাইল নতুন হামলা শুরুর আগে ২ মার্চ গাজায় সমস্ত সাহায্য বন্ধ করে দেয়। হামাস ফিলিস্তিনিদের জন্য পাঠানো সাহায্য ভিন্নখাতে প্রবাহিত করেছে বলে অভিযোগ করে ইসরাইল। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হামাস।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা-ইউএনআরডব্লিওএ’র প্রধান ফিলিপ লাজারিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, গাজা হতাশার ভূমিতে পরিণত হয়েছে। ক্ষুধা ছড়িয়ে পড়ছে এবং তা গভীরতর হচ্ছে। এটা ইচ্ছাকৃত ও মানবসৃষ্ট। মানবিক সাহায্য দর কষাকষির একটি যন্ত্র ও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও মিশরকে সাথে নিয়ে কাতার ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় একটি সাময়িক যুদ্ধবিরতির চুক্তিতে মধ্যস্থতা করে। এ যুদ্ধবিরতি জিম্মি ও বন্দিদের বিনিময়ের পাশাপাশি গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতেও সক্ষম হয়। কিন্তু পরবর্তী পর্যায়ের শর্তাবলি নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় সেই যুদ্ধবিরতি ভেঙে যায়।
২৪ ঘণ্টা/এআর
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।