শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তোপের মুখে ওয়াক্‌ফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশিত - ১৭ এপ্রিল, ২০২৫   ০৩:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতে বিতর্কিত সংশোধিত ওয়াক্ফ আইন বাস্তবায়নে আপাতত বিরতি টেনেছে দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টে চলমান শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ আইনটির কার্যকারিতা স্থগিতের আদেশ দেন। এর আগে বুধবার থেকে সংশোধিত আইনের বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল হওয়া ৭৩টি পিটিশনের শুনানি শুরু হয়। শুনানিতে সরকারকে আদালত জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়াক্ফ বোর্ডে কোনো নতুন নিয়োগ কিংবা সম্পত্তির অবস্থা পরিবর্তন করা যাবে না। সেইসঙ্গে ‘ওয়াক্ফ বাই ইউজার’ ব্যবস্থার আওতায় থাকা পুরোনো সম্পত্তিও পূর্বাবস্থায় বহাল থাকবে। তবে আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও দেশজুড়ে আন্দোলন ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

‘ওয়াক্ফ বাই ইউজার’ এমন এক রীতি, যেখানে প্রাচীনকাল থেকে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত জমি ওয়াক্ফ হিসেবে গণ্য হয়, এমনকি লিখিত দলিল না থাকলেও। নতুন সংশোধিত আইনে বলা হয়েছে, বিরোধপূর্ণ কিংবা সরকারি জমি এই আইনের আওতায় পড়বে না। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুনানিতে বলেন, শত শত বছর আগে প্রতিষ্ঠিত মসজিদ বা ওয়াক্ফ সম্পত্তির কাগজপত্র পাওয়া কঠিন— এ বাস্তবতা উপেক্ষা করা যায় না। তিনি প্রশ্ন তোলেন, আদালতের রায়ে পূর্বে স্বীকৃত ওয়াক্ফ কি নতুন আইনের মাধ্যমে অকার্যকর হয়ে যাবে? আইনজীবী কপিল সিবাল ও অভিষেক মনু সিংভি শুনানিতে জানান, ভারতের অন্তত আট লাখ ওয়াক্ফ সম্পত্তির মধ্যে প্রায় অর্ধেকই ‘ওয়াক্ফ বাই ইউজার’। তারা আশঙ্কা প্রকাশ করেন, নতুন আইন এ সম্পত্তিগুলোকে বিপদের মুখে ফেলতে পারে।

নতুন আইনে কেন্দ্রীয় ও রাজ্য ওয়াক্ফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার বিধান রাখা হয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে। কেন্দ্রীয় ওয়াক্ফ কাউন্সিলে ২২ সদস্যের মধ্যে মাত্র ৮ জন মুসলিম এবং রাজ্য বোর্ডে ১১ জনের মধ্যে ৪ জন মুসলিম রাখা হয়েছে। প্রধান বিচারপতি সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে বলেন, "আপনারা কি হিন্দু দেবোত্তর বোর্ডে মুসলিম সদস্য রাখবেন?"— যা আদালতের উদ্বেগের গভীরতাই তুলে ধরে।

সরকারের পক্ষ থেকে আইনজীবী তুষার মেহতা জানান, বোর্ড ও কাউন্সিলে সদস্য নিয়োগ সংক্রান্ত ধারা ৯ ও ১৪ অনুসারে এখন কোনো নিয়োগ দেওয়া হবে না। পাশাপাশি আদালতের কাছে তিনি সরকারের জবাব দাখিলের জন্য এক সপ্তাহ সময় প্রার্থনা করেন, যা আদালত মঞ্জুর করে। সুপ্রিম কোর্ট জানায়, ৭৩টি আবেদন থেকে ৫টি প্রাথমিকভাবে শুনানি হবে, বাকি আবেদনের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে ধরে নেওয়া হবে। আদালত আরও জানায়, তারা আইন প্রণয়নের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না, তবে সংবিধান রক্ষায় দায়িত্ব পালন করবে।

ভারতের বিভিন্ন রাজ্যে সংশোধিত ওয়াক্ফ আইনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে তিনজন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, রাজ্যে তারা এ আইন কার্যকর হতে দেবে না। তবে বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক তোষণের অভিযোগ তুলেছে।

বিরোধী দল কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে, সিপিআইসহ ধর্মীয় সংগঠন জমিয়তে উলামা-ই-হিন্দ ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও এ আইনের বিরোধিতা করেছে। কেউ কেউ আইন বাতিলের দাবি জানিয়েছেন, কেউবা শুধুমাত্র বাস্তবায়ন স্থগিতের অনুরোধ করেছেন। সবশেষে, আদালত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সিদ্ধান্ত নেবে— আদালতের রায়ে স্বীকৃত ওয়াক্ফ বাতিল হবে কিনা, বোর্ডে অমুসলিম সদস্য রাখার বৈধতা এবং বিতর্কিত জমিকে ওয়াক্ফ হিসেবে গণ্য করার সুযোগ থাকবে কি না।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।