শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত গনিউলের মৃত্যু

প্রকাশিত - ১৩ মার্চ, ২০২৫   ০৯:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজশাহীর তানোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত গনিউল ইসলাম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গনিউল ইসলাম তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনুল হক মমিনের ভাই। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচন্দর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি কর্মী গনিউল গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, গনিউলের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং তার অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৩টার দিকে তিনি আইসিইউতে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে কৃষ্ণপুর মহিলা কলেজ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল গাফফার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান।

শরীফ উদ্দিনকে বরন করতে কৃষ্ণপুর মোড়ে যান ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমানের সমর্থকেরা। কিন্তু সেখানে যান সাবেক সভাপতি মোমিনুল হক মমিনের সমর্থকেরাও। মমিনের সমর্থকরা শরীফ উদ্দিনকে বরণ করে নিতে চাইলে তাতে বাধা দেয় মুজিবুর রহমানের সমর্থকরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শরীফ উদ্দিনের উপস্থিতিতে সংঘর্ষে গুরুতর আহত গনিউল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান শরীফ উদ্দিনের লোক হিসেবে পরিচিত। আর মোমিনুল হক মমিন দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে আবার সক্রিয় হয়েছেন তিনি। ঘটনার বিষয়ে জানতে মুজিবুর রহমান ও মোমিনুল হক মমিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়।

উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, কেন এবং কীভাবে এ হামলার ঘটনা ঘটল, সেটা জানা নেই। আর রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভেতরে ভেতরে যে এই ঘটনা ঘটে গেছে, তা বোঝাই যায়নি। তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘ইফতার অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। গনিউলের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।