শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাঘের শীতে কাঁপছে উত্তরের সীমান্তঘেঁষা লালমনিরহাটের মানুষ

প্রকাশিত - ০১ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:১০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মাঘের হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের সীমান্তঘেঁষা লালমনিরহাটের মানুষ। জেলার ৫ উপজেলায় তাপমাত্রা নিম্নগামী হওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সঙ্গে বইছে হিমেল বাতাস। এতে চরম কষ্টে পড়েছেন জেলার খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সকাল ৯টায় লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা  ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সেই সাথে শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষজন। গ্রামাঞ্চলের অনেকেই আবার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে কষ্টে পড়েছে গৃহপালিত পশুপাখিরাও।

জেলা সদরের বড়বাড়ী এলাকার ভ্যান চালক রেজু মিয়া (৪৫) জীবিকার তাড়নায় এই শীতেও ভ্যান চালাতে বের হয়েছেন। আলাপকালে তিনি বলেন, দিনের মধ্যে দুপুরের দিকে যখন একটু গরম থাকে তখন ভ্যান ভালোভাবে চালানো যায়। কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে ও সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত তেমন যাত্রী পাওয়া যায় না। শীতের কারণে ভ্যানও ঠিকভাবে চালানো যায় না। ফলে উপার্জন কমে গেছে।

পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক আজিম হোসেন (৫৩) বলেন, প্রতিবারই বোরো মৌসুমে ধান রোপণের কাজ করি।এবার এ মৌসুমে প্রচুর পরিমাণে ঠান্ডায় আমার সর্দি-কাশি শুরু হইছে । মন চায় না ঠান্ডার মধ্যে কাজ করতে। তবে জীবন-জীবিকার তাগিদে এই ঠান্ডার মধ্যেও কাজ করতে হচ্ছে।

পেটের দায়ে ঠান্ডা উপেক্ষা করে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কৃষক ইসমাইল আলী (৬০)। তিনি  বলেন, আমি বয়স্ক মানুষ! এই তীব্র শীতের মধ্যে সকালে আমার কাজে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবুও পেটের দায়ে কাজ করতে গিয়ে এখন অসুস্থ হয়ে পড়েছি। সেই ওষুধ কিনতে এখন বাজারে যাচ্ছি।

জেলার পাঁচ উপজেলায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে । নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা।

এ বিষয়ে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল মোকাদ্দেম জানান, ‘হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোগীদের সেবা দিতে।’

তিনি আরো বলেন, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট যেসব এনজাইম আছে, তা স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রায় কম কার্যকর থাকে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শীতে বাতাসের তাপমাত্রা কমার সাথে সাথে আর্দ্রতাও কমে যায়, যা আমাদের শ্বাসনালির স্বাভাবিক কর্মপ্রক্রিয়াকে বিঘ্নিত করে ভাইরাসের আক্রমণকে সহজ করে। ঠান্ডাজনিত সর্দি-কাশির শুরুতে গলা ব্যথা করে, গলায় খুসখুস ভাব দেখা দেয়, নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে ক্রমাগত পানি ঝরতে থাকে এবং হাঁচি আসে।

ক্রমান্বয়ে মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীর ম্যাজ ম্যাজ করা, দুর্বল লাগা ও ক্ষুধামান্দ্য দেখা দেয়। হালকা জ্বর ও শুকনা কাশিও হতে পারে। এ ধরনের সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘প্রতি বছর এ এলাকায় শীতের দাপট অনেকটাই বেশি থাকে। তাই প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলার প্রত্যেক উপজেলায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।