শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নদ-নদী থেকে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৫   ১০:২০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : রংপুরের বিভিন্ন নদ-নদী থেকে পাম্প ও ড্রেজার বা অন্য কোনো মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির উপরি-ভাগের উর্বর মাটি বা টপসয়েল কাটাকাটি এবং পার্শ্ববর্তী জমির ক্ষতি হয় এমন কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে।

অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কঠোরভাবে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলায় অবস্থিত বিভিন্ন নদ-নদী হতে প্রায়ই পাম্প ও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন এবং ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির উপরি-ভাগের উর্বর মাটি বা টপসয়েল কাটার অভিযোগ পাওয়া যাচ্ছে, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। উক্ত আইনের বর্ণিত রয়েছে যে, পাম্প বা ড্রেজিং বা অন্যকোনো মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া উক্ত আইনের উর্বর কৃষি জমির মাটি কাটা যাবে না।বাণিজ্যিক উদ্দেশে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। কৃষি জমির উর্বর উপরি-ভাগের মাটি বিনষ্ট করা যাবে না। পরিবেশ, প্রতিবেশ বা জীববৈচিত্রে ক্ষতি সাধন করা যাবে না। ড্রেজারের মাধ্যমে বা অন্যকোনো প্রক্রিয়ায় বালু বা মাটি উত্তোলন করা যাবে না, যাতে উক্ত জমিসহ পার্শ্ববর্তী অন্য জমির ক্ষতি হয় বা ধসের উদ্ভব হয়।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব কাজে জড়িত ব্যক্তিদের অনূর্ধ্ব দুই বছর কারাদণ্ড বা সর্বনিম্ন ৫০ হাজার টাকা হতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। জেলা প্রশাসন, উক্ত বিষয়ে কঠোরভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এমতাবস্থায়, জেলার সব জনসাধারণকে নদী, পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্রের ভারসাম্য রক্ষা ও কৃষি জমির সুরক্ষার স্বার্থে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০' মেনে চলার জন্য অনুরোধ করা হলো।এদিকে জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশ আন্দোলনে থাকা সংগঠকরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ বলেন, বালু উত্তোলন, নদীর দখল-দূষণসহ নদ-নদীর যেকোনো রকম ক্ষতির বিষয়ে রংপুর বিভাগে যত জেলায় আমরা প্রতিকার চেয়েছি, সেটি পেয়েছি। রংপুর জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবি রাখে। আমরা আশা করছি, বালু উত্তোলন বন্ধ করাসহ পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং আইনের প্রয়োগ করবে।

২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা বা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ। কিন্তু তা না মেনে এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।