শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগের ব্যাখ্যা দিয়েছে সিটি ব্যাংক

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৫   ০৮:৫০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগের ব্যাখ্যা দিয়েছে বেসরকারি খাতের সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটি বলেছে, আমাদের মূল ব্যাংকিং সিস্টেমগুলোর কোনোটাই হ্যাকিংয়ের শিকার হয়নি এবং আমাদের গ্রাহকদের কোনো তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হয়নি। সিটি ব্যাংকে থাকা তাদের সকল আর্থিক তথ্য সম্পূর্ণ নিরাপদে রয়েছে; হ্যাকাররা কোনোরকম কোনো আর্থিক ক্ষতি ঘটাতে পারেনি।

সিটি ব্যাংক জানিয়েছে, গত কদিন ধরে কিছু মিডিয়াতে একটি অপপ্রচার চলছে যে, সিটি ব্যাংকের গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। একটি অতি সামান্য প্রযুক্তি ত্রুটিজনিত ঘটনাকে কেন্দ্র করে (যে-ঘটনায় ব্যাংকের কোনো আর্থিক ক্ষতি বা গ্রাহকদের আর্থিক কোনোরকম লোকসানের বিষয়ই ছিল না) দেশের একটি সেরা ব্যাংক নিয়ে এই অপপ্রচার কোনোভাবে কাম্য নয়। ঘটনাটি নিয়ে যেন সকল গুজব বা ষড়যন্ত্র বন্ধ হয়, সে লক্ষ্যে আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো বিষয়টি সকলের কাছে তুলে ধরতে চাই।

সিটি ব্যাংক জানিয়েছে, কয়েকদিন আগে আমাদের স্টেটমেন্ট পোর্টালে একটি ত্রুটি ঘটে, যাকে আইটির পরিভাষায় বলে 'System glitch' বা 'bug'। এই পোর্টালটি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) ব্যবহার করে শুধু গ্রাহকদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখার জন্য চালু রয়েছে। অর্থাৎ এই ওয়েব পোর্টালে কোনোরকম কোনো আর্থিক লেনদেন ইত্যাদি করার সুযোগই নেই।

গত ২ জানুয়ারি সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত একটি সংস্থার মাধ্যমে আমরা এই ত্রুটির কথা জানতে পারি। এ ত্রুটির কারণে হ্যাকাররা গ্রাহকদের মাত্র একটি (বা নগণ্য সংখ্যক কয়েকটি) অ্যাকাউন্টের স্টেটমেন্টে (অ্যাকাউন্টে নয়) ঢুকতে সক্ষম হয়েছিল। অর্থাৎ একজন গ্রাহক বা হ্যাকার এই পোর্টালে নিজের স্টেটমেন্টে ঢুকে তার জানা অন্য গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি দিয়ে সেটার স্টেটমেন্টে যেতে চাইলে আমাদের সিস্টেম আসল গ্রাহকের রেজিস্টার্ড ফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠায়নি। বিষয়টি গোচরে আসামাত্র আমরা সমস্যাটির তাৎক্ষণিক সমাধান করি।

ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ওই পোর্টালের সমস্ত অননুমোদিত সেশন বাতিল করি এবং ত্রুটিটি শুধরে নিই। সাইবার নিরাপত্তার ঝুঁকি পর্যবেক্ষণের জন্য এমনিতেই আমাদের নিয়মিত ব্যবস্থা রয়েছে। আইটি বিভাগে কর্মরত এই ডেডিকেটেড রিয়েল-টাইম মনিটরিং টিমটিরও আমরা পুনর্বিন্যাস করি।

সিটি ব্যাংক সম্মানিত গ্রাহকদের আমরা আশ্বস্ত করে জানিয়েছে, আমাদের কাছে থাকা তাদের সকল আর্থিক তথ্য সম্পূর্ণ নিরাপদে রয়েছে; হ্যাকাররা কোনোরকম কোনো আর্থিক ক্ষতি ঘটাতে পারেনি; তারা কেবল একটি-দুটি গ্রাহক অ্যাকাউন্ট স্টেটমেন্টই যেতে পেরেছিল; আমাদের মূল ব্যাংকিং সিস্টেমগুলোর কোনোটাই হ্যাকিংয়ের শিকার হয়নি; এবং আমাদের গ্রাহকদের কোনো তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হয়নি।

এ সংক্রান্ত যে সকল ব্যবস্থা নিয়েছি তার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের নিশ্চিত করে সিটি ব্যাংক বলছে, এ জাতীয় ঘটনা পুনরায় ঘটার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। সিটি ব্যাংকের প্রতি আস্থা ও বিশ্বাসের জন্য গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।