শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে অপহরণ আতঙ্ক, ৭২ ঘন্টায় ৩০ জন অপহৃত

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৫   ০৮:৩৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় মৃত আব্বাস মিয়ার ছেলে রাজমিস্ত্রি ছৈয়দ হোছাইন অপহরণের শিকার হয়েছেন। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছে তার পরিবার।

স্থানীয় নুর হোসেন বলেন, মাগরিবের পর পাহাড়ি ডাকাতদল এলাকায় নেমে অস্ত্রের মুখে জিম্মি করে একজনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এরপর বাড়ি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তার আগে দিনের বেলায় আরও দুই জনকে ডেকে নিয়ে পাহাড়ে আটকে রেখেছে বলে জানতে পেরেছি।

বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। বিষয়টি গুরুত্ব সহকারে সহকারে দেখছি। এছাড়া অপহৃতকে উদ্ধারেও অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, টেকনাফে গত কয়েকদিনের ব্যবধানে ৩০ জন অপহরণের শিকার হন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও মুক্তিপণ দিয়ে ২৬ জন ফিরে এলেও এখনও চার জন অপহরণ চক্রের কবলে রয়ে গেছেন বলে জানা গেছে। এর মধ্যে মুদিদোকানি জসীমের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এবং সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়দের অভিযোগ, টেকনাফের এসব পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায় নিত্যনৈমিত্তিক ঘটনা। ১০-১২টি ডাকাত গ্রুপের অন্তত দেড় শতাধিক ডাকাত সদস্য এসব অপহরণ বাণিজ্যে জড়িত। তাদের হাতে রয়েছে, আধুনিক স্বয়ংক্রিয় মারণাস্ত্র। অপহরণের পর মুক্তিপণ দিয়ে বা কোনোমতে উদ্ধার করাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ। তাই ডাকাতদের হাতে অপহরণ-মুক্তিপণ আদায় নিয়ন্ত্রণ ছাড়িয়ে গেলেও স্থায়ী সমাধান মিলছে না। এতে আতঙ্ক এবং ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

নাম প্রকাশ না করার শর্তে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের এক সদস্য বলেন, অপহরণের ভয়ে এই এলাকার লোকজন সন্ধ্যার পর ঘর থেকে বের হন না। গত পাঁচ মাসে আমার এলাকায় অর্ধশতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে মুক্তিপণ দিয়ে ফিরেছেন বেশিরভাগ। হত্যার ভয়ে অপহরণের শিকার লোকজন থানায় যেতে চান না।

ভুক্তভোগীদের অভিযোগ, অপহরণের অধিকাংশ ঘটনার রহস্যভেদ করতে পারছে না পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। তারা শুধু অপহরণের ঘটনা ঘটলে কিছুটা তৎপরতা দেখায়। ঘটনার পর তদন্তে বা অপরাধীদের গ্রেফতারে কোনও অগ্রগতি থাকে না।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান জানার চেষ্টা করে পুলিশ। আমরা গত বছরের জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ১৩৮ জন অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। ২০টি মামলায় বেশ কয়েকজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব–১৫–এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, দুর্গম পাহাড়ে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বেশ কয়েকটি অভিযানে অনেককে গ্রেফতারও করেছে র‌্যাবের আভিযানিক দল। সর্বশেষ গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দীর্ঘ অভিযানে বনে অপহৃত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।