শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৪   ০৬:৪৪ পিএম
webnews24
ছবি সংগ্রহ

২৪ঘণ্টা অনলাইন : চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক চালক। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকের এই ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪৩ জন। মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।’’

পুলিশ বলছে, ফ্যান নামের এক ব্যক্তি তার ছোট এসইউভি পথচারীদের ওপর চালিয়ে দিয়েছেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন বেসামরিক লোকজন। হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গাড়ির চালক ফ্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার সময় গুরুতর আহত হয়েছেন ফ্যান। বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে লোকজনের ওপর ফ্যান গাড়ি চালিয়ে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। শহরটির পুলিশ বলছে, বর্তমানে কোমায় থাকায় গাড়ির চালক ফ্যানকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা এই ঘটনার বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে। তবে কিছু ফুটেজ এখনও অনলাইনে রয়েছে। এতে দেখা যায়, হামলার স্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও পথচারীরা সেখানে তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।

চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনা সংবাদমাধ্যম কাইক্সিনকে বলেছেন, হামলার সময় কমপক্ষে ছয়টি দল হাঁটার জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিল। সেখানে রাস্তার পাশ ঘেঁষে প্রত্যেক দিনই শরীর চর্চা করেন এসব দলের সদস্যরা। চেন বলেন, তিনি যে দলে ছিলেন, সেই দলের সদস্যরা স্টেডিয়ামের চারপাশে তৃতীয় চক্কর শেষ করার সময় হঠাৎ তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ি তাদের আঘাত হানে। এতে অনেকেই রাস্তায় পড়ে যান।

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, গাড়িটি পূর্ব, দক্ষিণ, পশ্চিম এবং উত্তর; চতুর্দিকেই নির্বিচারে লোকজনের ওপর চালিয়ে দেওয়া হয়েছে। সারা রাস্তায় লোকজন গাড়িটির নিচে চাপা পড়েছেন। আহতদের মধ্যে অনেক বয়স্ক মানুষ ছাড়াও কিশোর ও শিশুও রয়েছে।

শহরটিতে চীনের সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক এয়ারশো অনুষ্ঠিত হচ্ছে। এই এয়ারশো উপলক্ষ্যে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মাঝেই পথচারীদের ওপর এই গাড়ি হামলার ঘটনা ঘটেছে। স্টেডিয়াম থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরের একটি ভেন্যুতে মঙ্গলবার শুরু হওয়া চীনের সামরিক বাহিনীর এয়ারশোর সাথে এই হামলার ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না তা স্পষ্ট নয়। ঝুহাইয়ের এয়ারশোতে চীনের সর্বাধুনিক যুদ্ধবিমান ও অ্যাটাক ড্রোনের প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে রাশিয়ার শীর্ষ কর্মকর্তা সের্গেই শোইগু উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। 
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।