শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

নেতা নয়, নীতির পরিবর্তনে লাভ হবে বাংলাদেশের

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৪   ০৯:৩৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্ববাসীর দৃষ্টি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। কে হবেন বিশ্বের ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট? ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প?
বাংলাদেশিরাও তাকিয়ে আছেন এই নির্বাচনের দিকে, বিশেষ করে ব্যবসায়ীরা। কারণ বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বাজার। বাংলাদেশি পোশাক পণ্যের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য হচ্ছে দেশটি। বাংলাদেশের রাজনীতিতেও এই নির্বাচনের প্রভাব রয়েছে। নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে কে যাচ্ছেন, তা জানতে মার্কিন নির্বাচনের দিকে নজর রাখছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন হলো বাংলাদেশের জন্য কমলা হ্যারিস ভালো হবে নাকি ডোনাল্ড ট্রাম্প?
এ প্রশ্নের উত্তরে অর্থনীতিবিদ, বাণিজ্য বিশ্লেষক ও রপ্তানিকারকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ মনে করেন, সাধারণত মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে তাদের বৈদেশিক নীতি বা বাণিজ্য নীতিতে কোনো পরিবর্তন হয় না। কেউ মনে করেন, রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য আরও অনেক কিছু দিতে পারেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যকে প্রভাবিত করতে পারে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ট্রাম্প একজন ব্যবসায়ী হওয়ায় তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য ভালো হবেন। যদি চীনা পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক পরিকল্পনা কার্যকর করা হয়, তাহলে অনেক মার্কিন পোশাক খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ড পোশাক পণ্যের সোর্সিং স্থানান্তর করার চেষ্টা করবেন। এটি অন্যান্য দেশ ও একটি বড় সরবরাহকারী হিসেবে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কমলা হ্যারিস নির্বাচিত হলেও চীনের জন্য বিদ্যমান মার্কিন শুল্ক অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে না।’
আরেক ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘প্রেসিডেন্টের পরিবর্তনে পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না। তাই আমাদের ব্যবসার ওপর বড় প্রভাব ফেলবে না। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের একটি সুসম্পর্ক রয়েছে, যা ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের একটি হাতিয়ার হতে পারে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনিই নির্বাচিত হন, তাদের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ট্রাম্প যেহেতু তার নিজের দেশের প্রতি বেশি মনোযোগী, সেহেতু তিনি উন্নয়নশীল দেশের জন্য ভালো হবেন না। তার নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী, তিনি করপোরেট ট্যাক্স কমিয়ে দেবেন। এতে বাজেট ঘাটতি বাড়বে। ফলস্বরূপ, মার্কিন সরকারের অন্যান্য দেশের উন্নয়ন বাজেট এবং সাহায্য হ্রাস পেতে পারে।’ ‘যদিও বলা হয়, চীনা পণ্যের ওপর উচ্চ কর দিলে বাংলাদেশ লাভবান হবে কিন্তু তা হয়নি। বাইডেন প্রশাসন তার মেয়াদে চীনের প্রতি মার্কিন কর নীতি অব্যাহত রাখলেও বাংলাদেশের রপ্তানি খুব বেশি বৃদ্ধি পায়নি। আমি মনে করি যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো নীতির পরিবর্তন।’
ড. জাহিদ হোসেন বলেন, ‘মার্কিন বাজার থেকে সবচেয়ে বেশি সুবিধা পেতে সরকারকে আরও আলোচনামুখী হতে হবে এবং দ্বিপাক্ষিক সুবিধার মাধ্যমে বাংলাদেশের জন্য নীতি পরিবর্তনের দিকে মনোনিবেশ করতে হবে।’
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটেক্সা) তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানিতে ৪ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি ৯ দশমিক ১৭ শতাংশ হ্রাস পেয়েছে। আয় হয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা আগের বছর একই সময়ে ছিল ৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ২০২১-২২ অর্থবছরে ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। 
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।