শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সমাধিস্থলে ট্রাম্পের প্রচারের কড়া সমালোচনা করলেন কমলা

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:২১ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অরলিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বিতর্কের মুখে পড়েন। এ ঘটনায় তাঁর কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন,  সেনাসদস্যদের সমাধিক্ষেত্র রাজনীতি করার জায়গা নয়। কমলা হ্যারিস গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন। সেখানে লিখেন, তিনি (ট্রাম্প) রাজনীতির স্বার্থে পবিত্র ভূমির অসম্মান করেছেন।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, সমাধিক্ষেত্রের ভেতরে ছবি তোলা বা ভিডিও করার ব্যাপারে বিধিনিষেধ আছে। প্রচারাভিযানের সময় সে বিষয়েই ট্রাম্প শিবিরকে সতর্ক করছিলেন সেখানকার এক কর্মচারী। এ সময় ট্রাম্পের দলের এক কর্মী ওই কর্মচারীকে আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তবে সমাধিক্ষেত্রের বিতর্কিত এ ঘটনা অস্বীকার করে ট্রাম্প শিবির বলেছে, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে তাঁরা সমাধিক্ষেত্রের ভিডিও করার অনুমতি পেয়েছেন।
গত সোমবার অরলিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে বিতর্কের মুখে পড়ে ট্রাম্পের নির্বাচনী শিবির। ওই দিন নিহত ১৩ সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন ট্রাম্প। তিন বছর আগে আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর ওই সৈন্যরা নিহত হন। এদিকে বিতর্ক সৃষ্টির পর গতকাল প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এক্সে তিনি লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে হ্যারিস বেশ কয়েকবার ভার্জিনিয়ায় অরলিংটন সমাধিক্ষেত্রে গিয়েছেন। রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কখনোই এটিকে ব্যবহার করবেন না।
কমলা হ্যারিস বলেন, ‘বসরে যাওয়া সেনাসদস্য, সামরিক বাহিনীর পরিবার এবং সর্বোপরি সেনাবাহিনীকে সম্মান দেওয়া উচিত। কখনোই অশ্রদ্ধা করা উচিত নয়। তাদের সঙ্গে আচরণে সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশে একটুও যাতে ঘাটতি না থাকে। আর এ বিষয়ে সব আমেরিকানই একমত হবেন। আর আমার বিশ্বাস, যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্বটি পালন করতে পারবেন না, তাঁর কখনোই মার্কিন প্রেসিডেন্টের মোহরের পেছনে দাঁড়ানো উচিত নয়।’
এদিকে সমাধিক্ষেত্রের ঘটনায় যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের জবাব দিয়েছেন ট্রাম্প। গত বৃহস্পতিবার মিশিগানে অনুষ্ঠিত এক নির্বাচনী শোভাযাত্রায় তিনি এ বিষয়ে কথা বলেন। ট্রাম্প জানান, সমাধিক্ষেত্রে তাঁকে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়। তিনি বলেন, আমি সেখানে গেলাম, তাঁরা আমাকে ছবি তোলার অনুরোধ করলেন। অথচ তাঁরা (সমালোচকেরা) বলছেন, আমি নির্বাচনী প্রচার চালাচ্ছি।’ ট্রাম্প আরও বলেন, যে জিনিসটি আমি অনেক বেশি পাই, তা হলো প্রচার। আমার এটির দরকার নেই। আমার এই প্রচারের প্রয়োজন নেই। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমলা হ্যারিস। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তাঁরা ১০ সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।