শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে ওষুধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৪   ০৮:৩৮ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে একটি ওষুধ তৈরি কারখানার শ্রমিকরা বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার সকাল ৭টা থেকে উপজেলার সূত্রাপুর এলাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। এসময় বিভিন্ন দাবি জানিয়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার ও বিভিন্ন ধরনের কাঠ, ময়লার স্তূপে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে ওই মহাসড়কে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। কারখানার শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বৈষম্য করে আসছে। এসব বৈষম্যের প্রতিবাদে এবং ২১ দফা দাবিতে তারা আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ভোর থেকেই শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিতে থাকেন।
পরে শ্রমিকরা সকাল ৭টার দিকে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলেও কারখানা সামনে বিক্ষোভ করেন। শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- অফিস চলাকালীন সময়ে এবং অফিসে যাতায়াতকালীন সময়ে যদি কোনো কর্মী দুর্ঘটনার শিকার হয় তাহলে তার সম্পূর্ণ চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। সঙ্গে ওই কর্মীকে কোম্পানির এককালীন আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। কারখানার এইচআরডি এজিএম সুরজিৎ মুখার্জি এবং প্রোডাকশন সিনিয়র ম্যানেজার দিপালক কর্মকার, সিনিয়র ম্যানেজার জাহিদুর রহমান, এইচ আর ডি সাম্মি আক্তার ও রুহুল আমিনকে পদত্যাগ করতে হবে। ছুটির জন্য হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে। নন ম্যানেজমেন্ট কর্মীদের সঙ্গে সর্বদা সহনশীল সদাচরণ করতে হবে। বৈষম্যবিরোধী শ্রমিক অধিকার আন্দোলনের কোনো কর্মীকে পরবর্তী সময়ে কোনো প্রকার হয়রানি বা চাকুরিচ্যুত করা যাবে না। কোনো প্রকার বৈষম্যমূলক এবং অপমানজনক শিষ্টাচার বহির্ভূত আচরণ করা যাবে না। এছাড়াও কর্মীদের সঙ্গে সিকিউরিটি গার্ডদের উত্তম আচরণ করতে হবে। প্রতি দুই বছর পর পর সব পারমানেন্ট কর্মীদের গ্রেড উন্নয়ন করতে হবে। মেয়েদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে। সঙ্গে ছুটিকালীন সময়ে সম্পূর্ণ বেতন এবং ভাতা প্রদান করাসহ ২১ দফা দাবি উপস্থাপন করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানার শ্রমিকরা ২১ দফা দাবি জানিয়ে সকাল থেকে বিক্ষোভ করেছেন। শ্রমিকরা দুই-আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে সকাল ১০টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।