শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ  দাবানল : ৩০ শহরে উচ্চ সতর্কতা

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৯:২৮ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং ৩০টি শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দাবানলের কারণে দেশটির বহু মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। গতকাল রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল মোকাবিলা করার জন্য ব্রাজিলের সাও পাওলো প্রাদেশিক সরকার একটি ক্রাইসিস ক্যাবিনেট গঠন করেছে। এছাড়া দাবানলের কারণে ব্রাজিলের ৩০টি শহরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আগুনে দুই জনের মৃত্যু হয়েছে এবং আগুনের জেরে সৃষ্ট ধোঁয়া এক ডজন মহাসড়কে যান চলাচল ব্যাহত করেছে। এছাড়া রাজধানী সাও পাওলো শহরটি ধূসর কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। বিবিসি বলছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং কম আর্দ্রতা সেখানে বিপজ্জনক আগুনের পরিস্থিতি তৈরি করছে। এই অঞ্চল দীর্ঘকাল ধরে খরার মধ্যে রয়েছে। স্থানীয় সরকার জানিয়েছে, উরুপেস শহরের একটি শিল্প কারখানার দুই কর্মচারী শুক্রবার আগুন নেভানোর সময় মারা গেছেন। তবে এই ঘটনার আরও বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি বলে রয়টার্স জানিয়েছে। ব্রাজিল সম্প্রতি প্যান্টানাল জলাভূমিতে বিশাল দাবানল এবং রিও গ্র্যান্ডে ডো সুল প্রদেশে বিশাল বন্যার সম্মুখীন হয়েছে। প্রাদেশিক সরকার সতর্ক করে বলেছে, বনের দাবানল দমকা বাতাস থেকে আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং সম্ভাব্য প্রাকৃতিক গাছপালাগুলোর পাশাপাশি বিশাল এলাকাও ধ্বংস করতে পারে। সোশ্যাল মিডিয়াতে দেওয়া এক বার্তায় গভর্নর টারসিসিও ডি ফ্রেইটাস বলেছেন: ‘বর্তমানে আমাদের ৩০টি শহরে বড় ধরনের অগ্নিকা-ের জন্য উচ্চ সতর্কতা জারি রয়েছে এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছি। পরে পৃথক এক পোস্টে তিনি লিখেছেন: ‘সাও পাওলো একটি কঠিন সময়ের মুখোমুখি হয়েছে এবং বিভিন্ন বাহিনীর সাথে কাজে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে এবং মানুষকে নিরাপদ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, পিরাসিকাবা, বারিনহা, সেরতাওজিনহো এবং রিবেইরো প্রেটোর মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে আমরা দিনভর মাঠে ছিলাম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। এদিকে রাজধানী সাও পাওলো ঘন ধূসর কুয়াশায় ঢেকে গেছে। সরকার এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, দমকা বাতাসের সাথে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এসব আগুন ঘন এবং বিষাক্ত ধোঁয়া নির্গত করে যা পরিবেশ এবং মানব স্বাস্থ্যের ক্ষতি করে এবং এর ফলে শ্বাসযন্ত্রের সমস্যা ও কার্ডিওভাসকুলার রোগ হয়। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৪ লাখ ৮০ হাজার বাসিন্দার শহর সাও জোসে ডো রিও প্রেটোতে পরিস্থিতি গুরুতর। এই শহরে সাম্প্রতিক দিনগুলিতে ৩৩৫টিরও বেশি অগ্নিকা-ের ঘটনা নথিভুক্ত করা হয়েছে এবং এসব অগ্নিকা-ের সময় স্কুল বন্ধ করতেও বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
গত জুন মাসে প্যান্টানাল জলাভূমিতে বিশাল দাবানলের মতো সম্প্রতি ব্রাজিল বেশ কয়েকটি চরম দুর্যোগের শিকার হয়েছে। গত জুনের ওই দাবানলের সময় জলবায়ু বিশেষজ্ঞরা বলেছিলেন, এই বছরের দাবানল মৌসুমের আগেই শুরু হয়েছে এবং এটি আগের বছরের তুলনায় ছিল আরও তীব্র।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।