প্রভাত বিনোদন : প্রথমবারের মতো বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার। হেইলি বিবারের কোলজুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকালে নিজের ইনস্টাগ্রামে সদ্যোজাত সন্তানের পায়ের ছবি পোস্ট করে কানডীয় তারকা লিখেছেন, ঘরে স্বাগত। বিবার জানিয়েছেন, তাঁর সন্তানের নাম জ্যাক ব্লুজ বিবার। এর আগে চলতি বছরের মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেন, সংসারে নতুন অতিথি আসছে। ইনস্টাগ্রামে স্ত্রীর সাদা পোশাক পরা বেবিবাম্পের ছবি ও ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছিলেন গায়ক। সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে বিয়ে করেন বিবার।
বিয়ের ছয় বছর পর বিবার আর হেইলির সন্তান আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা। তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়। খুশির খবর পেয়ে তাঁদের অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। এর আগে ২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানান বিবার। তাঁর মুখের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। তখন বাতিল করতে হয় বহু কনসার্ট। কিন্তু এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেন পপ তারকা। বেশ কয়েক বছর আগে সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, দুজনের দাম্পত্য জীবন কাটছে সিনেমার মতো। জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভালো, সে কারণেই সুখে সংসার করছেন এই দম্পতি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।