শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে তাঁর দুটি কনসার্ট হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট জানিয়েছে, সব টিকিট বাতিল করা হয়েছে এবং দর্শকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। রিফান্ডের আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে।

নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশ সফর বাতিল লাকি আলীর

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৬   ১২:০২ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে গান শোনানোর কথা ছিল ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর। ঢাকা ও চট্টগ্রামে তাঁর কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল আগ্রহ। তবে দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে তাঁর বাংলাদেশ সফর। এতে হতাশ হয়েছেন অপেক্ষায় থাকা ভক্তরা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১২ ও ১৩ নভেম্বর যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে কনসার্ট দুটি হওয়ার কথা ছিল।

আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজন সম্ভব হচ্ছে না। একই সঙ্গে সব টিকিট বাতিল ঘোষণা করা হয়েছে এবং দর্শকদের কেনা টিকিটের মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে রিফান্ডের জন্য আবেদন করা দর্শকদের টাকা ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাঁদের পাঠানো রিফান্ড ইমেইলে থাকা ‘Get my refund’ অপশনে ক্লিক করে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। আবেদন সম্পন্ন হলে ২৪ ঘণ্টার মধ্যে সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।

রিফান্ডের ইমেইল ইনবক্সে না পাওয়া গেলে স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত দর্শকেরা নিজেদের পছন্দের মাধ্যমে অর্থ ফেরত নেওয়ার সুযোগ পাবেন।

নির্ধারিত সময়ের মধ্যে কেউ রিফান্ডের আবেদন না করলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটে সরাসরি টাকা ফেরত পাঠানো হবে। তবে এ ক্ষেত্রে অর্থ ফেরত পেতে ৭ থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে।

কনসার্ট বাতিলের কারণ ব্যাখ্যা করে ইকিউব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান ঢাকা মেইলকে জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট আয়োজনকে নিরাপদ মনে করছেন না তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও অনানুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছিল। শিল্পীর সঙ্গে আলোচনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই শেষ পর্যন্ত অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘ও সানাম’ ও ‘এক পল কা জিনা’র মতো জনপ্রিয় গানের শিল্পী লাকি আলী দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর এই সফর বাতিল হওয়ায় আপাতত দেশের দর্শকদের সরাসরি তাঁর গান শোনার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।