দীপাবলির অনুষ্ঠানে রাজকীয় সাজে হাজির হয়ে প্রশংসা পেলেও কারিনা কাপুর খানের প্রায় ৩০ ক্যারেটের পান্নার হার নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অলংকারটিতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে।
২৪ঘন্টা অনলাইন: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীপাবলির অনুষ্ঠানে রাজকীয় সাজে হাজির হয়েছিলেন। পোশাক, পাগড়ি আর ঐতিহাসিক অলংকারে তার উপস্থিতি নজর কেড়েছিল অনুরাগীদের। তবে প্রশংসার সেই আবহে বিতর্কের জন্ম দিয়েছে তার গলায় থাকা একটি পান্নার হার। নেটিজেনদের একাংশের দাবি, হারটির পান্নায় খোদাই করা রয়েছে ইসলাম ধর্মের পবিত্র আয়াত ‘আয়াতুল কুরসি’।
ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই আয়াতকে অলংকার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে আপত্তি জানিয়েছেন তারা। দীপাবলির আয়োজনে কারিনার পরনে ছিল ফ্যাশন ডিজাইনার পুনীত বালানার নকশা করা নিউড-বেইজ রঙের কাফতান। পোশাকের সঙ্গে মাথায় পরেছিলেন একটি পাগড়ি। সেখানে যুক্ত ছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কলগি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি পতৌদি পরিবারের বংশপরম্পরায় পাওয়া সম্পদ। অভিনেত্রীর এই আভিজাত্যপূর্ণ সাজ দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তদের পাশাপাশি বলিউডের একাধিক তারকাও। তবে সাজের অন্য অনুষঙ্গগুলো ছাপিয়ে আলোচনায় এসেছে তার গলার সবুজ পান্নার হার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনায় নেটিজেনদের একাংশ দাবি করছেন, প্রায় ৩০ ক্যারেটের পান্নাটির গায়ে খোদাই করা হয়েছে ‘আয়াতুল কুরসি’। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ এই আয়াতকে গয়না হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়েই তাদের আপত্তি। এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কারিনা।
এদিকে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় বিশেষ চরিত্রে কারিনাকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাঘব জুয়ালসহ একাধিক তারকা। তবে মুখ্য চরিত্রে কারিনার পরবর্তী সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।