শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই আবাসিক মাদরাসা, আগুনে অসুস্থ ৭৯ শিক্ষার্থী

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ০৩:৫৪ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: গভীর রাতে ঘুমন্ত শিক্ষার্থীরা কিছু বুঝে ওঠার আগেই ৫ তলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষ থেকে ছড়িয়ে পড়ে আগুনের ধোঁয়া। মুহূর্তেই পুরো ভবন ছেয়ে যায় ঘন ধোঁয়ায়। প্রাণ বাঁচাতে ঘুম থেকে উঠে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে কেউ আহত হন, আবার কেউ ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন। আগুন নিয়ন্ত্রণে এলেও এর ভয়াবহ প্রভাব কাটেনি। ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়ে একের পর এক শিক্ষার্থী ভর্তি হয়েছেন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৯ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। গুরুতর অসুস্থ ৪ জনকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। তাদের একজনকে ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য, গুরুতর অসুস্থদের আগামী ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন এসব তথ্য জানান।

মাদরাসা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাদরাসার ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। প্রায় ৪ হাজার বর্গফুট আয়তনের ওই ২টি কক্ষে বিপুল পরিমাণ বই, কম্পিউটার, ল্যাপটপ, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ছিল।

মাদরাসার অধ্যক্ষ মুফতি মফিজুল ইসলাম জানান, প্রথমে আগুনের বিষয়টি টের পান দারুল ইফতা বিভাগের একজন শিক্ষক। রাতের নীরবতায় পাশের কক্ষ থেকে শব্দ শুনে তিনি ঘুম থেকে উঠে বাইরে আসেন। পরে দরজা খুলতেই আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে নিজের বিভাগের শিক্ষার্থীদের ঘুম থেকে ডেকে নিরাপদে বের করে আনার চেষ্টা করেন।

এরপর শিক্ষার্থীরা নিজেরাও বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। মাদরাসার নিরাপত্তাকর্মীদের সহায়তায় পাইপ দিয়েও পানি ছিটানো হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে লাইব্রেরিতে থাকা বিপুল পরিমাণ বই ও কক্ষের অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

মফিজুল ইসলামের দাবি, আগুনে লাইব্রেরির বড় একটি অংশের বই, শিক্ষার্থীদের ব্যক্তিগত সামগ্রী, কম্পিউটার, ল্যাপটপ, পিসি, আলমারি, টেবিল ও চেয়ার পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে তাদের প্রাথমিক ধারণা।

মাদরাসাটিতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। ৫ তলা ভবনের বিভিন্ন তলায় শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থাও রয়েছে। গভীর রাতে আগুন লাগার সময় অধিকাংশ শিক্ষার্থী ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষ থেকে বের হওয়া ধোঁয়া দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে শিক্ষকেরা বিভিন্ন কক্ষে গিয়ে শিক্ষার্থীদের ঘুম থেকে জাগিয়ে নিচে নামানোর চেষ্টা করেন। এ সময় আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী ধাক্কাধাক্কি ও পড়ে গিয়ে আহত হন।

তিনি আরও জানান, আগুন লাগার পরপরই ৭-৮ জন শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়। পরে ফজরের পর আরও কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্ট ও শারীরিক অস্বস্তির কথা জানান। তাদের অবস্থাও বিবেচনায় নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অভিভাবকদের কেউ কেউ সন্তানদের নিয়ে হাসপাতালে যান।

অধ্যক্ষ জানান, আগুনের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ওপরের তলাগুলোতে থাকা শিক্ষার্থীরা ঘুম থেকে উঠে নিচে নামার সময় বেশি সমস্যায় পড়েন। আগুনে সরাসরি দগ্ধ হওয়ার চেয়ে ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট ও অসুস্থতার ঘটনা বেশি ঘটেছে।

খবর পেয়ে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভানোর পাশাপাশি ভবনের বিভিন্ন তলায় তল্লাশি চালান। রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে ৫ তলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন জ্বলতে দেখেন। দ্রুত আগুন নির্বাপণের কাজ শুরু করা হয়। পরে পুরো ভবনে তল্লাশি চালিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, লাইব্রেরি ও অফিসকক্ষের বৈদ্যুতিক ডিবি বোর্ডে ত্রুটি বা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, আবাসিক মাদরাসাটিতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। এ ছাড়া লাইব্রেরিতে বিপুল পরিমাণ বই এবং কক্ষের অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যবহৃত দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল। তবে আগুনের ধোঁয়াই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, অগ্নিকাণ্ডের পর পর্যায়ক্রমে ৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, গুরুতর অসুস্থ কয়েকজন রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। পাশাপাশি শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এতে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। ৪ জন রোগীকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। তাদের একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার চিকিৎসায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। কয়েকজন রোগীর চোখও আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে।

ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, একজন সংকটাপন্ন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যালোচনার জন্যও মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে আরও কয়েকজনকে ছাড় দেওয়া হতে পারে।

তিনি বলেন, কিছু শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকের শারীরিক অবস্থা এখন ভালো। তবে যাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ না করে গুরুতর রোগীদের ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সকালে মাদরাসা পরিদর্শনে যান নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছমা উল হুসনা পিংকি। তারা ক্ষতিগ্রস্ত লাইব্রেরি ও ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মাদরাসার অধ্যক্ষ মুফতি মফিজুল ইসলামসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খান জানান, মাদরাসাটিতে প্রাথমিক অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। লাইব্রেরি কক্ষটি ইন্টেরিয়র ডিজাইনে সাজানো ছিল। সেখানে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, জামিয়া আশরাফিয়া ফতুল্লার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডে মাদরাসাটির প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবার সহযোগিতায় মাদরাসার লাইব্রেরিটি আবারও সমৃদ্ধ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত লাইব্রেরি পরিদর্শনে যান মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। তিনি বলেন, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি মাদরাসার সার্বিক পুনর্গঠনে সহযোগিতা প্রয়োজন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও আহত শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।