পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় জমা পড়া প্রায় আড়াই লাখ আবেদন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার আবেদনগুলো দ্রুত যাচাইয়ের জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, যোগ্য আবেদনকারীদের সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নাগরিকত্বের সনদ দেওয়া হবে।
২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় জমা পড়া যোগ্য সব আবেদন নিষ্পত্তির ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কোনো যোগ্য আবেদনকারী নাগরিকত্বের সনদ পাওয়া থেকে বঞ্চিত হবেন না।
৭ নভেম্বর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আরাংঘাটায় একটি কালীপূজার মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় সিএএর আওতায় নাগরিকত্ব চেয়ে প্রায় আড়াই লাখ আবেদন জমা পড়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এ দুই জেলায় প্রতিবেশী দেশ থেকে আসা মানুষের উল্লেখযোগ্য বসবাস রয়েছে। দীর্ঘদিন ধরে এসব আবেদন ঝুলে থাকায় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানান তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য প্রশাসনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের (ডিএম) স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এর ফলে আবেদন নিষ্পত্তির কাজে গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত ১ নভেম্বর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে আন্তর্জাতিক মাতুয়া গোসাঁই সম্মেলনেও একই সময়সীমার কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেদিন তিনি দাবি করেন, রাজ্যে সিএএর আওতায় ইতোমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ নাগরিকত্ব পেয়েছেন।
একই সঙ্গে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সিএএ বাস্তবায়নে সহযোগিতা না করার অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, প্রশাসনিক অসহযোগিতার কারণে বহু আবেদন দীর্ঘদিন আটকে ছিল। বর্তমান সরকারের উদ্যোগে সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ২০১৯ সালের ডিসেম্বরে সংসদে পাস হয়। আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান সম্প্রদায়ের নির্দিষ্ট শর্ত পূরণকারী ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে।
এখন দেখার বিষয়, ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তি করে নাগরিকত্বের সনদ বিতরণ করা সম্ভব হয় কি না।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।