শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদি আরবের মক্কা অঞ্চলের আকাশসীমায় একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। এদিকে ইয়েমেনের সা’দা প্রদেশে সৌদি বিমান হামলায় সাতজন নিহত হওয়ার দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল হুথিরা। এতে সৌদি-হুথি সংঘাত নতুন করে আলোচনায় এসেছে।

মক্কার আকাশে ড্রোন ভূপাতিত করল সৌদি, বাড়ছে উত্তেজনা

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৬   ০৭:৪৩ পিএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত এবার নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে পবিত্র মক্কা অঞ্চলে। ৬ নভেম্বর মক্কার আকাশসীমায় প্রবেশ করা হুথিদের ছোড়া একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, মক্কা অঞ্চলের আকাশসীমায় একটি ড্রোন শনাক্ত করার পর সেটি ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনটির লক্ষ্যবস্তু, উৎক্ষেপণের স্থান কিংবা ভূপাতিত করার নির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক প্রায় দুই মাস ধরে সৌদি আরবকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করছে রিয়াদ। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, হুথিরা মক্কা ও মদিনা অঞ্চলেও হামলার চেষ্টা চালিয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনে সৌদি হামলায় নিহত ৭

মক্কায় ড্রোন ভূপাতিত করার খবরের মধ্যেই ইয়েমেনে সৌদি বিমান হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে সৌদি বিমানবাহিনীর হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহির দাবি, সা’দার একটি খামারে প্রথমে বিমান হামলা চালানো হয়। পরে আহত ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে লোকজন ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

তবে এ হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

রিয়াদেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি

এর আগে বুধবার সৌদি রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল হুথি বিদ্রোহীরা। ফলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে দেশটির বড় একটি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। দীর্ঘদিনের এই সংঘাত সাম্প্রতিক সময়ে আবারও তীব্র হয়ে উঠেছে।

মক্কা অঞ্চলে ড্রোন ভূপাতিত করার ঘটনা এবং ইয়েমেনে পাল্টাপাল্টি হামলার খবর মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।