শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বংশবিস্তার নিশ্চিত করতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।

২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৬   ০৮:৫৬ পিএম
webnews24

বাগেরহাট প্রতিনিধি: দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বংশবিস্তার নিশ্চিত করতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালীসহ সংশ্লিষ্ট নদ-নদী ও উপকূলীয় এলাকা। বিশেষ করে বাগেরহাটের মোংলা, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ এবং সুন্দরবনসংলগ্ন নদ-নদী ও মোহনায় জাটকা সংরক্ষণে নজরদারি জোরদার করা প্রয়োজন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাগর ও নদ-নদীতে জাটকা সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান পরিচালনা করবে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। ওই সময়ে মা ইলিশের নির্বিঘ্ন প্রজননের সুযোগ তৈরি করতে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও কেনাবেচা বন্ধ রাখা হয়েছিল। প্রজনন মৌসুম শেষে নদ-নদী ও উপকূলীয় মোহনায় জন্ম নেওয়া ইলিশের পোনা এখন বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, জাটকা বড় হওয়ার জন্য এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট অবস্থায় নির্বিচারে জাটকা আহরণ বন্ধ করা গেলে সেগুলো পরিণত ইলিশে রূপ নেওয়ার সুযোগ পাবে। এতে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বাড়বে।

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ, পরিবহন, মজুত কিংবা বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। নিষিদ্ধ কারেন্ট জালসহ ক্ষতিকর জাল ব্যবহার বন্ধেও অভিযান পরিচালনা করা হবে।

এদিকে আট মাসের নিষেধাজ্ঞায় বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোর নদী ও সাগরনির্ভর জেলেদের জীবিকায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মোংলা, শরণখোলা ও মোড়েলগঞ্জের নদী-সংলগ্ন এলাকার জেলেরা এ নিষেধাজ্ঞার কারণে আর্থিক সংকটে পড়তে পারেন। এ সময়ে নিবন্ধিত জেলে পরিবারগুলোর জন্য সরকারি খাদ্যসহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান ও শাস্তির মাধ্যমে জাটকা রক্ষা সম্ভব নয়। জেলেদের সচেতনতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান, নিয়মিত সরকারি সহায়তা এবং মাছের আড়ত ও বাজারে নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ জাল ব্যবহার এবং জাটকা বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

জাতীয় মাছ ইলিশের উৎপাদন ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে আট মাসের এ নিষেধাজ্ঞা কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।